চুয়াডাঙ্গা সদর উপজেলায় দ্রুতগামী পিকআপ ও ব্যাটারিচালিত পাখিভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. ফাহিম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় পাখিভ্যানের আরও ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানাধীন নয়মাইল সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন— চুয়াডাঙ্গা সদর উপজেলার হাসানহাটি গ্রামের বাবলুর স্ত্রী মোছা. মাহফুজা (৪০), দশমী দিঘিরপাড়া গ্রামের মৃত গফুরের ছেলে মো. লিয়াকত (৬৫) এবং হাসানহাটি গ্রামের মামুনের স্ত্রী মোছা. শিউলি (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত পাখিভ্যানের সঙ্গে দ্রুতগতির পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় পাখিভ্যানে থাকা ৩ বছর বয়সী শিশু ফাহিম ছিটকে সড়কে পড়ে গুরুতর আহত হয়। এ সময় পাখিভ্যানের আরও ৩ যাত্রী আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে মুমূর্ষু অবস্থায় শিশু ফাহিমকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় গুরুতর আহত অপর ৩ জন বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মারুফ রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু মারা গেছে। আহত হয়েছেন আরও ৩ জন। এ ঘটনায় পিকআপসহ চালককে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

