চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শিশুর মৃত্যু

গেজেট প্রতিবেদন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় ঘুমিয়ে থাকা অবস্থায় সাপের কামড়ে আব্দুল্লাহ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২ আগস্ট) রাত প্রায় ১১টার দিকে উপজেলার আইলহাঁস ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের আল আমিন জোয়ার্দ্দারের ছেলে। সে স্থানীয় ঘোলদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্বজন ও স্থানীয় সূত্র জানায়, রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় আব্দুল্লাহ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অন্ধকারে কী ঘটেছে তা বুঝতে না পারলেও কিছু সময়ের মধ্যে তার শরীরে বিষক্রিয়ার মতো লক্ষণ দেখা দেয়। এরপর তাকে প্রথমে জিমনগর পাড়ার অর্জুন নামে এক কবিরাজের কাছে নেয়া হয়। তিনি পরীক্ষা করে জানান, সাপে দংশনের কোনো আলামত নেই। তবে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আরও একজন কবিরাজের কাছে নেয়া হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় পরিবারের সদস্যরা তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, সাপের কামড়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কোনো অপমৃত্যুর মামলা হয়নি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন