বৃহস্পতিবার । ৪ঠা জুন, ২০২৬ । ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত সদস্য আটক

মোংলা প্রতিনিধি

সুন্দরবনে বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও বন্যপ্রাণী শিকারের সরঞ্জামসহ কুখ্যাত ‘করিম শরীফ বাহিনী’র এক সক্রিয় ডাকাত সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৪ জুন) সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃত ডাকাতের নাম আল-আমিন বাচ্চু হাওলাদার (৪৫)। তিনি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ থানার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে সুন্দরবন এলাকায় ডাকাতি ও জেলে-বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায় করে আসছিলেন।

কোস্ট গার্ড জানায়, সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের নেতৃত্বে বর্তমানে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার বিকেল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলা থানাধীন আমুরবুনিয়া ফরেস্ট অফিস সংলগ্ন ড্রেনের খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড বেইস মোংলা। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালানোর চেষ্টা করলে ধাওয়া করে আল-আমিন বাচ্চুকে আটক করা হয়। একই সাথে ধ্বংস করা হয় ডাকাতদের একটি আস্তানা।

অভিযানস্থল থেকে উদ্ধার করা হয়- ৪টি একনলা বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৭৪ রাউন্ড ফাঁকা কার্তুজ, ৭ রাউন্ড এয়ারগানের গুলি, ১টি টেলিস্কোপ, ১টি সোলার প্যানেল, ১টি ব্যাটারি , ১টি ওয়াকি-টকি চার্জার, ১টি শিংসহ হরিণের মাথা, ৩ কার্টন সিগারেট, ২ বস্তা চাল ও ১টি কাঠের বোট।

পরবর্তীতে আটককৃত ডাকাতের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১০টায় মোরেলগঞ্জ থানার পি সি বাড়ইখালি এলাকায় তার বাড়িতে পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকেও ডাকাতি ও বন্যপ্রাণী শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মালামালসহ আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সুন্দরবনকে সম্পূর্ণরূপে নিরাপদ রাখতে কোস্ট গার্ডের এই দস্যু দমন অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন