বাগেরহাটের কচুয়া উপজেলায় পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে তার সহযোগীরা। বুধবার (১৮ মার্চ) বিকাল ৩টার দিকে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিশাখালী গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, খলিশাখালী গ্রামের মৃত গফফার শেখের ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি নাদীম শেখকে (৩৩) গ্রেপ্তার করতে এসআই আনিচুর রহমান ও এএসআই ইমদাদুল ইসলামের নেতৃত্বে ৭ সদস্যের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ নাদীমকে আটক করে নিয়ে আসার সময় তার ছোট ভাই সাগর শেখ দেশীয় ধারালো অস্ত্র (দা) নিয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। আসামি নাদীমকে ছিনিয়ে নিতে সাগর পুলিশ কনস্টেবল রাজু খানকে লক্ষ্য করে কোপ দিলে তার ডান হাত গুরুতর জখম হয়। এই সুযোগে নাদীম ও সাগর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আহত কনস্টেবল রাজু খানকে প্রথমে দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করে।
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ”পলাতক আসামিদের ধরতে এবং ব্যবহৃত অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
খুলনা গেজেট/এএজে

