শনিবার । ১৪ই মার্চ, ২০২৬ । ১লা চৈত্র, ১৪৩২

স্ত্রী ও তিন সন্তান বাবাসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ জনি

মোংলা প্রতিনিধি

স্ত্রী ও তিন সন্তানসহ পরিবারের ৯ জনকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন আশরাফুল রহমান জনি। জনিও তার ছোট ভাই সাব্বিরের বিয়েতে খুলনার কয়রায় গিয়েছিলেন। বিয়ে শেষে পরিবারের সবাই মাইক্রোবাসে উঠলেও জনি ছিলো মাইক্রোবাসের পিছন পিছন মোটরসাইকেলে। তাই প্রাণে বেঁচে গেছেন জনি। আর তার চোখের সামনেই মারা গেছে স্ত্রী ফারজানা সিদ্দিকা পুতুল, ছেলে আবু তালহা আলিফ, ইরাম ও রায়হানা রহমান। আর গাড়ির ভেতর থেকে বের করা বীভৎস বাবা, ভাই, বোন, ভাগ্নে-ভাগ্নীর মরদেহও দেখেন সে। এত আপনজনকে হারিয়ে এখন বাকরুদ্ধ হয়ে পড়েছেন জনি। আর পরিবারের মৃত্যুর খবর পেয়ে গতকাল থেকে অসাড় হয়ে রয়েছেন মা আঞ্জুমানয়ারা। আর বেঁচে থাকা আরেক ভাই সাদ্দাম ক্ষণে ক্ষণে মূর্ছা যাচ্ছেন।

জনির মামা নেসারুল ইসলাম সবুজ বলেন, আমার ভাগ্নে জনির স্ত্রীসহ তিন সন্তান মারা গেছে। মারা গেছে ভাগ্নের বাবা, ভাই, বোন ও তাদের ভাগ্নে-ভাগ্নীসহ মোট ৯ জন। এরপর থেকে জনি আর কোনো কথাবার্তাই বলছে না। বাকরুদ্ধ হয়ে পড়েছেন, ঝিম দিয়ে থাকছেন, কখনও কখনও একটু একটু করে তাকাচ্ছেন। কিছুই বলতে ও করতে পারছেন না জনি।

আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী জনিকে সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। চোখের সামনে স্ত্রী সন্তান, ভাই, বাবা, বোন সবাইকে হারিয়ে অসহায়ের মতো আত্মসমর্পণ করে বাকরুদ্ধ হয়েছে জনি। গতকাল শুক্রবার মোংলা উপজেলা পরিষদ মাঠে জনির পরিবারের একসাথে ৯ জনের জানাজার নামাজ শেষে কবরস্থানে পাশাপাশি সমাহিত করা হয়।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন