চিতলমারীতে চলতি মৌসুমে ৩০ হাজার একর জমিতে বোরা ধান চাষাবাদ করা হয়েছে। চাষিরা ধান রোপনে ব্যস্ত সময় পার করে কিছুটা ফুরসত পেয়েছেন। এখন চলছে রোপনকৃত চারা পরিচর্যার কাজ। ধান ও চালের বাজার দর ভালো থাকায় এ বছর বোরা ধান চাষে চাষিদের আগ্রহ বেড়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ উপজেলার ৭টি ইউনিয়নে মোট ২১টি ব্লক রয়েছে। এই ২১টি ব্লকে চলতি বোরো মৌসুমে ৩০ হাজার একর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে কিছুটা জমি বেশী আবাদ করা হয়েছে। এ সব জমিতে উফশি, স্থানীয় জাত ও উচ্চ ফলনশীল জাতের ধান আবাদ করা হয়েছে।
উপজেলার কুরমনি গ্রামের পংকজ বিশ্বাস, দেবাশিষ বিশ্বাস, প্রীরামপুররের শেখর ভক্ত, বড়বাড়িয়ার সাফায়াত হোসেন, সুরশাইলের মুন্না শেখ, পাটরপাড়ার রিংকু বিশ্বাসসহ অনেকে জানান, গত কয়েক বছর ধান চাষ করে তাদের লোকসান গুনতে হয়েছে। কিন্তু এ বছর ধানের বাজার দর ভাল থাকায় ধান চাষের প্রতি আগ্রহ বেড়েছে।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সিফাত-আল-মারুফ বলেন, “শীতকে উপেক্ষা করে এ উপজেলার চাষিরা বোরো ধানের চাষাবাদ করেছেন। বোরো চাষের লক্ষ্যমাত্রা পুরাণে আমরা মাঠে গিয়ে কৃষকদের পরামর্শ প্রদানসহ তদারকির কাজ করছি। শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে বেশী অর্জিত হবে বলে আমরা আশাবাদী।”
খুলনা গেজেট/এনএম

