শুক্রবার । ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৭ই ফাল্গুন, ১৪৩২

সাতক্ষীরায় কেন্দ্রে পৌছেছে ব্যালট পেপার, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

কঠোর নিরাপত্তায় বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। সাতক্ষীরা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মিজু আফরোজা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরা জেলার চারটি সংসদীয় আসনে মোট ৬০৯টি ভোটকেন্দ্র রয়েছে। নির্বাচনে মোট ১৮ লাখ ৩২ হাজার ৭৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ইতিমধ্যে প্রতিটি কেন্দ্রে ভোট কক্ষ প্রস্তুত করা হয়েছে এবং কেন্দ্রের ৪০০ গজের মধ্যে সীমানা নির্ধারণের (চৌহর্দী) কাজ শেষ হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ৬০৯টি কেন্দ্রের প্রতিটিতেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

তিনি আরো বলেন, মঙ্গলবার থেকে প্রার্থীদের প্রচারণা শেষ হয়েছে। এখন আমাদের লক্ষ্য একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের বাহিনীগুলোর টহল টিমের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন। যান চলাচলের ওপর যে নিষেধাজ্ঞা রয়েছে, তা কার্যকর করতে ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন মোড়ে তল্লাশি চালাচ্ছে।

এছাড়া নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সাতক্ষীরায় ১০ জন প্রথম শ্রেণির বিচারিক ম্যাজিস্ট্রেট ও ৪ জন বিচারক নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনী অনিয়ম প্রতিরোধ, অভিযোগ অনুসন্ধান এবং বিভিন্ন অপরাধের সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা ও ঘটনাস্থলেই কারাদন্ড প্রদানের লক্ষ্যে তারা মাঠে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালনকালে কোনো নির্বাচনী অপরাধ নজরে এলে অভিযোগ ছাড়াই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করে ২ থেকে সর্বোচ্চ ৭ বছর পর্যন্ত কারাদন্ড ও জরিমানা আরোপ করতে পারবেন তারা।

বিচারিক ম্যাজিস্ট্রেট ও বিচারকদের কঠোর তদারকির ফলে নির্বাচনী পরিবেশ সুশৃঙ্খল থাকবে এবং যেকোনো অপরাধ দ্রুত দমন করে অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে। নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ রাখতে এবং নির্বাচন-পরবর্তী সহিংসতা প্রতিরোধে তাদের কার্যক্রম ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকেই ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ সব নির্বাচনী সামগ্রী কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তার জন্য সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সকলের প্রচেষ্টায় জেলার চারটি আসনে একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন