শনিবার । ২৭শে জুন, ২০২৬ । ১৩ই আষাঢ়, ১৪৩৩

সুজনের বোলিং নিয়ে উপহাস করলেন ইনজামাম

ক্রীড়া ডেস্ক

ভারতের রায়পুরে চলছে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ। যেখানে সাবেক স্পিনার মোহাম্মদ রফিকের নেতৃত্বে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছেন খালেদ মাসুদ পাইলট, খালেদমাহমুদ সুজনসহ বাংলাদেশের সাবেক তারকারা।

এই টুর্নামেন্টে যখন ভারত, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড লিজেন্ডদের বিপক্ষে বাংলাদেশ লিজেন্ড মাঠের লড়াইয়ে ব্যস্ত তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইনজামাম উল হকের একটি ভিডিও। যেখানে বাংলাদেশের সাবেক মিডিয়াম ফাস্ট বোলার খালেদ মাহমুদ সুজনকে নিয়ে উপহাস করতে দেখা গেছে ইনজামামকে।

কবে তিনি নিশ্চিত হলেন যে, ক্রিকেটে তার ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে – সে বিষয়টি জানাতে গিয়ে সুজনকে উপহাসের পাত্র বানিয়ে ছেড়েছেন ইনজামাম।

ভিডিওতে উর্দুতে ইনজামাম বলেন, একটি ইনিংসে তাদের দলের অধিনায়ক ছিলেন খালেদ মাহমুদ। তিনি সাধারণ মানের মিডিয়াম পেসার ছিলেন। তিনি আমাকে বল করলেন। আমি তা উঁচু করে মেরে (অঙ্গভঙ্গি করে দেখিয়ে) গালিতে দাঁড়ানো ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যাই। তখন আমি চিন্তা করতে থাকি, খালেদ মাহমুদের বলে যদি এভাবে আমি আউট হয়ে যাই তবে এটাই হয়ত আল্লাহ আমাকে ইঙ্গিত দিয়ে জানালেন যে, ক্রিকেটে আমার ক্যারিয়ার শেষ। আমাকে দিয়ে আর এ খেলা হচ্ছে না।

খালেদ মাহমুদ সুজনকে খাটো করে ইনজামামের এই বক্তব্য কবের তা নিশ্চিত না হওয়া গেলেও এটি বেশিদিন আগের নয়।

একজন সাবেক পাক তারকার অন্যদেশের ক্রিকেটারকে সম্মান জানানো উচিত এবং এমন বক্তব্য অবিবেচকের কাজ বলে মন্তব্য করেছেন বহু ক্রিকেটপ্রেমীরা।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন