চলতি মাসের শেষ সপ্তাহে মাঠে গড়াচ্ছে নারী এশিয়া কাপের আসর। সংযুক্ত আরবের মাটিতে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটিতে অংশ নিচ্ছে বাংলাদেশ নারী দলও। দেশ ছাড়ার আগে আজ মিরপুর হোম অব ক্রিকেটে দলীয় ফটোসেশনে অংশ নেন ক্রিকেটার ও কর্মকর্তারা। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
টুর্নামেন্টে নামার আগে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন টাইগ্রেস কাপ্তান। জ্যোতি বলছিলেন, প্রস্তুতি অনেক ভালো হয়েছে। আন্ডার লাইট যেহেতু সবগুলো গেম ওখানে, তাই এখানে আমরা দুটা প্র্যাক্টিস ম্যাচ খেলছি এই জায়গায়। প্রস্তুতির দিক থেকে আমি মনে করি খুব ভালো ছিল।
এবারের এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল। প্রতিবার সেমিফাইনাল থেকে বাদ পড়ার আফসোস রয়েছে জ্যোতির, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ফাইনাল খেলা। কারণ আমরা সেমিফাইনাল খেলি, বাদ পড়ি, চলে আসি; বারবার এই জিনিসটাই হচ্ছে। আমরা এই বাধা এবার ভাঙতে চাই।
সেমিফাইনালটা আমরা পার করতে পারছি না যে কোনো জায়গায়। আমরা যদি সেমিফাইনালটা ক্রস করতে পারি আমাদের ফাইনাল খেলার ইচ্ছা। ফাইনাল খেললে দেখা যাচ্ছে তখন শিরোপা জয়ের একটা বিষয় থাকবে। ধাপে ধাপে আমরা পরিকল্পনা করছি।
এশিয়া কাপ শেষে রয়েছে এশিয়ান গেমস। এ প্রসঙ্গে জ্যোতি বলেন, এশিয়ান গেমস নিয়ে যদি কথা বলেন, পদকের জন্য যাওয়াই আমাদের প্রথম লক্ষ্য। কারণ গতবার আমরা ব্রোঞ্জ পেয়েছিলাম, সিলভার পেয়েছিলাম ২০১০ সালে, তারপরে এসএ গেমসে যেয়ে হয়তোবা আমরা ব্রোঞ্জ পেয়েছি। আমাদের টিমের পক্ষ থেকে আমি বলব যে অনেক প্রত্যাশা আছে মানুষের। একটা পদক যেন আমরা নিয়ে আসতে পারি সেটা একটা বিষয় এবং সেটা যদি স্বর্ণ হয় সেটা আরও বেশি বড় হবে।
খুলনা গেজেট/এএজে

