আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্টের আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নেওয়ার সুযোগটা ভালোভাবে কাজে লাগিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুবাইয়ে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ও বোলিংয়ে নিজেদের পরখ করেছে টাইগাররা। যদিও শেষ পর্যন্ত ম্যাচটির ফল নিষ্পত্তি হয়নি। দুই দিনের খেলা শেষে ড্র মেনে নেয় দুই দল।
আইসিসি একাডেমি ওভালে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। ১০৮ রানের ওপেনিং জুটিতে দারুণ সূচনা এনে দেন সৌম্য সরকার ও সাদমান ইসলাম। সৌম্য ৯৫ বলে ৫৭ রান করে রিটায়ার্ড আউট হন। সাদমানের ব্যাট থেকে আসে ৪৬ রান। তিন নম্বরে নেমে মুমিনুল হক করেন ৩৩ রান। তবে মুশফিকুর রহিম, আলী ও মেহেদী হাসান মিরাজ বড় ইনিংস খেলতে ব্যর্থ হন।
ফলে ২০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দল। তবে শেষদিকে টেল-এন্ডারদের নিয়ে প্রতিরোধ গড়েন নাঈম হাসান। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তিনি দলের পক্ষে ৩৬ রান যোগ করেন। এছাড়া তাইজুল ইসলাম ১৬ ও খালেদ আহমেদ ১০ রান সংগ্রহ করলে ৭৮.১ ওভারে ২৩৪ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস। আমিরাতের বোলারদের মধ্যে জুনাইদ ৩ এবং উসাইদ ও হায়দার ২টি করে উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে খুব বেশি দূর এগোতে পারেনি স্বাগতিকরা। ১ উইকেটে ৩৪ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নামা স্বাগতিকরা পেসার ইকবাল হোসেন ইমনের তোপ এবং তাইজুল ইসলামের স্পিন ঘূর্ণিতে ৫৩.৫ ওভারে প্রথম ইনিংসে ২২২ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৯ রান করে ওয়াসিম মুহাম্মদ। এছাড়া আফতাব আলম করেন ৫৬ রান।
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন ইমন। তরুণ এই ডানহাতি পেসার ৬ ওভারে ৩০ রান খরচায় চার উইকেট নিয়ে আমিরাতের ব্যাটিংয়ে বড় ধাক্কা দেন তিনি। এছাড়া তাইজুল তিনটি এবং এবাদত হোসেন, খালেদ আহমেদ ও নাঈম হাসান পান ১টি করে উইকেট। ফলে প্রথম ইনিংসে ১২ রানের লিড পায় বাংলাদেশ।
লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ২৬.৫ ওভারে তিন উইকেটে ১১৪ রান তোলে তারা। মুশফিকুর রহিম ৫৩ বলে ৪৪ রানের ইনিংস খেলেন। সাদমান করেন ৩২ এবং মুমিনুল হকের ব্যাট থেকে আসে ২৪ রান। একটা পর্যায়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ১২৬ রানে। নির্ধারিত সময়ের মধ্যে ম্যাচের ফল বের করার সুযোগ না থাকায় সেখানেই ইতি টানা হয় প্রস্তুতি ম্যাচের।
উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
খুলনা গেজেট/উউরা

