মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি উন্মোচন

ক্রীড়া প্রতিবেদক

বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলে আর্জেন্টিনার হয়ে মহাকাব্যিক অধ্যায়ের ইতি টানবেন লিওনেল মেসি। ৬ অক্টোবর বুয়েনস আইরেসে ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে মাঠে নামে এ দুই দল। মেসিকে শেষবার বিদায় জানানোর সুযোগ হাতছাড়া করতে চাননি ভক্তরা। টিকিট ছাড়ার মাত্র দুই ঘণ্টার মধ্যেই স্টেডিয়ামের প্রায় ৮৫ হাজার টিকিট শেষ হয়ে যায়।

২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার—২০২১ থেকে ২০২৪ সালের স্বর্ণালী সময়ে দুটি কোপা আমেরিকা ও একটি বিশ্বকাপ জেতেন মেসি। কিংবদন্তির এই অর্জনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত করা হয়েছে এক বিশেষ স্মারক জার্সি। বিখ্যাত ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস বিশেষ এই জার্সির নকশা ও বিস্তারিত তথ্য প্রকাশ্যে এনেছে।

এর আগে ইনস্টাগ্রামে একটি সংক্ষিপ্ত ক্লিপ শেয়ার করে এই জার্সির ঝলক দিয়ে মেসি লিখেছিলেন, ‘ওয়ান লাস্ট ম্যাচ। আ জার্সি ফর আ লাইফটাইম (একটি শেষ ম্যাচ। সারা জীবনের জন্য একটি জার্সি)।’

আর্জেন্টিনার জাতীয় পতাকার নীল-সাদা স্ট্রাইপ দ্বারা অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে জার্সি। ব্যবহার করা হয়েছে রাজকীয় সোনালী রং এবং বেশ কিছু স্মরণীয় প্রতীক। পতাকার ঐতিহাসিক ‘মে সূর্য’ (সান অব মে) জার্সির সামনে ও পেছনে ফুটিয়ে তোলা হয়েছে। জার্সির বুকে অ্যাডিডাসের লোগোর বদলে স্থান পেয়েছে মেসির ব্যক্তিগত ‘এম’ লোগো।

জার্সির পেছনে উজ্জ্বল সোনালী রঙে লেখা হয়েছে মেসির নাম ও ঐতিহাসিক ‘১০’ নম্বর। ঘাড়ের পেছনের অংশে একটি সূর্য-আকৃতির স্ট্যাম্পের ওপর জলপাই পাতার মালায় ঘেরা ‘১০’ নম্বরটি শোভা পাচ্ছে। এই বিশেষ জার্সির সঙ্গে মিলিয়ে ম্যাচটিতে সাদা ও সোনালী রঙের বিশেষ বুট পরে মাঠে নামবেন মহাতারকা।

আর্জেন্টিনার হয়ে মেসি খেলবেন ২০৮তম ম্যাচ। দেশের হয়ে এখন পর্যন্ত ১২৫টি আন্তর্জাতিক গোল ৬৮ অ্যাসিস্ট। তার চেয়ে বেশি গোলে অবদান আর কোনো ফুটবলারের নেই।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন