আসন্ন এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে জর্ডানে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দল। সফরের প্রথম ম্যাচেই স্বাগতিকদের ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের মেয়েরা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আম্মানে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের যুবতী মেয়েদের পক্ষে প্রথমার্ধে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আলপি আক্তার। এরপর দ্বিতীয়ার্ধে গুনে গুনে আরও চারটি গোল করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
বিরতির পর সফরকারীদের হয়ে একবার করে বল জালে জড়ান রিয়া, মৌসুমী, কুলসুম ও পায়েল।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। একই মাঠে আগামী ১৩ সেপ্টেম্বর মাঠে গড়াবে দ্বিতীয় ম্যাচ।
খুলনা গেজেট/এএজে

