আমিরাতে বাংলাদেশ-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় লড়াইয়ে আফগানিস্তান

ক্রীড়া প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ব্যস্ত সূচি অপেক্ষা করছে বাংলাদেশের জন্য। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) আয়োজনে আগামী অক্টোবর-নভেম্বরে বাংলাদেশ ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে। তিন সংস্করণের এই সিরিজে বাংলাদেশ খেলবে একটি টেস্ট ও ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কাবুলে সংবাদ বিজ্ঞপ্তিতে সূচিটি জানিয়েছে এসিবি।

৯ অক্টোবর শুরু হবে বাংলাদেশ ও আফগানিস্তানের একমাত্র টেস্ট। ম্যাচটি চলবে ১৩ অক্টোবর পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে এই প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে লাল বলের ক্রিকেটে নিজেদের পরীক্ষা করার সুযোগও পাবে বাংলাদেশ দল।

এরপর ১৭ অক্টোবর শুরু হবে তিন দলের ওয়ানডে লড়াই। বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়ের অংশগ্রহণে ত্রিদেশীয় সিরিজের লিগ পর্বে প্রতিটি দল একবার করে মুখোমুখি হবে। ২৩ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল।

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে ১৭ অক্টোবর শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে আফগানিস্তান। ২১ অক্টোবর আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচের পর ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।

বাংলাদেশের পর্ব শেষ হওয়ার পর অবশ্য আফগানিস্তান ও জিম্বাবুয়ের লড়াই চলবে নভেম্বর পর্যন্ত। দুই দল প্রথমে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো হবে ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর।

এরপর মাঠে গড়াবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৫ থেকে ৯ নভেম্বর প্রথম টেস্ট এবং ১৩ থেকে ১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট দিয়ে শেষ হবে আফগানিস্তানের এই দীর্ঘ আন্তর্জাতিক সূচি।

এসিবির প্রধান নির্বাহী নসিব খান বলেছেন, তিন সংস্করণেই শক্তিশালী দুই প্রতিপক্ষের বিপক্ষে খেলার সুযোগ আফগান ক্রিকেটারদের জন্য দারুণ অভিজ্ঞতা হয়ে উঠবে। আয়োজনটি সফল করতে সহযোগিতার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও জিম্বাবুয়ে ক্রিকেটকে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের সূচি

৯–১৩ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ — টেস্ট

১৭ অক্টোবর: বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে — ত্রিদেশীয় ওয়ানডে

২১ অক্টোবর: আফগানিস্তান বনাম বাংলাদেশ — ত্রিদেশীয় ওয়ানডে

২৩ অক্টোবর: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন