শুরু হচ্ছে মেসিহীন অধ্যায়, ঘরের মাঠে তিন ম্যাচ খেলবে আর্জেন্টিনা!

ক্রীড়া প্রতিবেদক

টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেস্তে যাওয়ার পর প্রথমবার মাঠে নামতে যাচ্ছে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একইসঙ্গে তারা লিওনেল মেসির অবসরের পর নতুন অধ্যায় ‍শুরু করবে। সেপ্টেম্বরে দেশের মাটিতে তিনি প্রীতি ম্যাচ খেলতে চায় আর্জেন্টিনা। যদিও এখনও তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হয়নি।

বিশ্বকাপের পর ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। ওই সময়ে দুই থেকে তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এখনও আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত না হলেও বুয়েন্স আয়ার্স, কর্দোবা ও রোজারিওতে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আসন্ন ফিফা উইন্ডোতে লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ কারা হবে, সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এ ছাড়া বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ফিফার দেওয়া নিষেধাজ্ঞার শাস্তি প্রীতি ম্যাচে কার্যকর হবে কি না, সেটিও এখনও পরিষ্কার নয়। কারণ খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি দর্শক ধারণক্ষমতার ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এর আগে চীনে সফর করে আলবিসেলেস্তেদের ম্যাচ খেলার সম্ভাবনাও আলোচনায় ছিল। তবে মেসির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত সেই পরিকল্পনা কার্যত ভেস্তে দিয়েছে। বিশ্বকাপের পর এবারই প্রথম মেসিকে ছাড়া মাঠে নামবে ‘আলবিসেলেস্তেরা’। ফলে দেশের মাটিতে আর্জেন্টিনার এই ম্যাচগুলো মেসিবিহীন নতুন যুগের প্রথম পরীক্ষাও হতে যাচ্ছে।

২০২২ আসরের পর সর্বশেষ ফিফা বিশ্বকাপেও শিরোপার দ্বারপ্রান্তে ছিল স্কালোনি-মেসির দল। কিন্তু টুর্নামেন্টজুড়ে দারুণ সব কামব্যাকের গল্প লেখা সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা ফাইনালে নিজেদের ছায়া হয়ে ছিল। একপেশে ম্যাচে স্পেন ১-০ গোলে জিতে শিরোপা উৎসবে মাতে। আগেই ধারণা করা হচ্ছিল এই আসর দিয়ে বিশ্বকাপ অধ্যায় শেষ হবে আর্জেন্টাইন মহাতারকার। এর দু’দিন পরই নাকি মেসি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন, তবে বাবার মৃত্যুতে কিছুদিন সময় নিয়ে সম্প্রতি তিনি আন্তর্জাতিক ফুটবলকে বিদায়ের ঘোষণা দেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন