বল হাতে যেন রীতিমতো উড়ছেন বাংলাদেশের রহস্যময় স্পিনার মোহাম্মদ রুবেল। তাতেই একের পর এক জয় পাচ্ছে বাংলাদেশ এইচপি। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নর্দান টেরিটোরির বিপক্ষে খেলতে নেমে পাঁচ উইকেট নিয়েছেন রুবেল। আর বাংলাদেশ এইচপি জিতেছে ৩ উইকেটে। তাতেই পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত হয়েছে বাংলাদেশের।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান করে নর্দান টেরিটোরি। জবাবে ১০ বল ও ৩ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ এইচপি।৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে অবস্থান করছে বাংলাদেশ। সেরা চারে আগেই জায়গা নিশ্চিত হয়েছে ইরফান শুক্কুরদের। এদিকে নর্দান টেরিটোরি ৬ পয়েন্ট নিয়ে আছে চার নম্বরে। আর পাঁচটি করে ম্যাচ খেলে সমান ৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দুই ও তিন নম্বরে আছে অ্যাডিলেইড স্ট্রাইকার্স একাডেমি ও ভিক্টোরিয়া সিএ। ডারউইনে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে নর্দান টেরিটোরি। শুরু থেকেই একের পর এক উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়ান এই ক্লাবটি। বিশের কোটা পার করতে পেরেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ৩১ রান করেন জর্ডান সিল্ক। ম্যাট হ্যামন্ড করেন ২৬ রান। আর ২৫ রান আসে ক্যালে ম্যাকমোহনের ব্যাট থেকে।
বাংলাদেশের সবচেয়ে সফল বোলার মোহাম্মদ রুবেল। মাত্র ২১ রানের খরচায় সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন তিনি। এছাড়া একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার। ১৪৪ রানের জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিলেও বিতর্কিত এইক আউটে সাজঘরে ফেরেন আরিফুল হক। ৬ বলে ১০ রান করেন তিনি। আরেক ওপেনার হাবিবুর রহমান সোহানের ব্যাট থেকে আসে ১৮ বলে ২২ রান। মাত্র ১১ রান করে ফেরেন শামীম পাটোয়ারী।
এদিকে আপনতালে খেলতে থাকেন সাব্বির রহমান রুম্মন। দলের ফিফটির পূরণের সুযোগ ছিল তার সামনে। কিন্তু ৩ রানের জন্য ফিফটি হাতছাড়া করেন তিনি। ৩৭ বলে ৪৭ রানে আউট হন সাব্বির। এছাড়া মেহরব ৮, শুক্কুর ১৭ ও সামিউন বশির ১৪ রান করেন। আর ৪ বলে ৬ রানে অপরাজিত থাকেন আব্দুল গাফফার সাকলাইন।
খুলনা গেজেট/এএজে

