ম্যাকাই টেস্টের প্রথম দিনেই অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া হারিয়েছে ৮ উইকেট। সবমিলিয়ে প্রথম দিনেই ১৮ উইকেটের পতন হয়েছে। ফলে দিন শেষে আলোচনায় ম্যাকাইয়ের উইকেট।
উইকেট নিয়ে শরিফুল বলেন, ‘অস্ট্রেলিয়ার কন্ডিশনে সবসময় পেস বোলাররা ভালো করে। স্টার্ক অনেক দিন ধরে খেলছেন এবং ভালো করছিলেন। আমি দেখছিলাম কোন লেংথে বল করলে বোলারদের জন্য সুবিধা পাওয়া যায়।’
প্রথম টেস্ট জয়ের দিনে দলে না থাকলেও উদযাপনের ছবিতে ছিলেন শরিফুল। এবার ফাইফার নিয়ে তিনি বলেন, ‘টসের আগেই সাধারণত দল ঘোষণা করা হয়। ৫ উইকেট পেয়েছি ঠিক আছে, তবে আমি এখন স্বাভাবিক আছি। যদি ম্যাচ জিতি তবে অনেক বেশি খুশি হব। আমরা চেষ্টা করব দলগতভাবে খেলে ম্যাচটি বের করে আনতে।’
ম্যাচে এখনও বাংলাদেশ ব্যাকফুটে থাকলেও ফেরার সম্ভাবনা দেখছেন শরিফুল, ‘আমরা এখনও খেলার ভেতরে আছি। ইনশাআল্লাহ, আমরা চেষ্টা করব দ্বিতীয় ইনিংসটি যাতে আমাদের পক্ষে থাকে। সবার সাথেই কথা হয়েছে, বিশেষ করে ব্যাটসম্যানদের সাথে। তারা ব্যাটিং করেছে বলে ভালো জানে কোন লেংথের বল খেলা কঠিন।’
খুলনা গেজেট/এএজে

