চোটের কারণে শঙ্কায় থাকা শরিফুল ইসলাম ফিরেছেন স্বস্তির বার্তা নিয়ে। ফিটনেস পরীক্ষায় পাস করে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য পুরোপুরি প্রস্তুত বাংলাদেশের বাঁহাতি পেসার। নির্বাচকরা দ্বিতীয় টেস্টে তাকে বিবেচনা করতে পারেন।
তবে এখানেই শেষ নয়, শরিফুলের জন্য অপেক্ষা করছিল আরও বড় চমক। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে প্রমাণের পর এবার ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটেও নিজের সামর্থ্য দেখানোর হাতছানি। বাংলাদেশের আরেক পেসার হাসান মাহমুদের দল কেন্টই এবার ডাক দিয়েছে শরিফুলকে।
চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ মৌসুমে চার ম্যাচের জন্য এই বাঁহাতি পেসারকে দলে নিতে চায় ইংলিশ ক্লাবটি। অর্থাৎ একদিনের ব্যবধানে শরিফুলের সামনে খুলে গেল দুটি দরজা—একটি অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে মাঠে ফেরার, অন্যটি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী কাউন্টি ক্রিকেটে নিজেকে নতুন করে মেলে ধরার।
বর্তমানে অবশ্য হ্যামস্ট্রিংয়ের চোটের পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন শরিফুল। তবে বেশ ভালোভাবে সেরে উঠেছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফিস বলেছেন, ‘সে ইনজুরি থেকে ফিরে এসেছে। দলের সঙ্গেই ছিল। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। খেলার জন্য পুরপুরি প্রস্তুত।’
এছাড়া হাসান মাহমুদের চমৎকার বোলিংয়ের পর তার দল কেন্ট শরিফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেছে। দুই পক্ষের কথা বার্তাও এগিয়েছে বেশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপের চলতি মৌসুমেরই ৪ ম্যাচের জন্য শরিফুলকে দলে পেতে চায় কেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ছাড়পত্র দিলেই কাউন্টিতে উড়াল দেবেন কেন্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার পর কেন্টে খেলার জন্য অনাপত্তিপত্র পেতে পারেন শরিফুল। সেক্ষেত্রে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলা বাংলাদেশের তৃতীয় ক্রিকেটার হবেন তিনি। এর আগে সাকিব আল হাসান ও হাসান মাহমুদ খেলেছেন কাউন্টি ক্রিকেটে।
খুলনা গেজেট/এএজে

