ভেন্যু চূড়ান্ত, বদলে গেল ২০২৭ বিশ্বকাপের ফরম্যাট

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ২৪ বছর পর আবার আফ্রিকার মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ আসরের জন্য দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ার ১২টি ভেন্যু চূড়ান্ত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। শুধু ভেন্যুই নয়, বদলে যাচ্ছে বিশ্বকাপের ফরম্যাটও। দল বেড়েছে ১০ থেকে ১৪ টি, আর শিরোপা জিততে দলগুলোকে পাড়ি দিতে হবে তিনটি নতুন ধাপ।

২০০৩ সালের পর আবারও আফ্রিকায় ফিরছে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপ। ২০২৭ সালের আসরটি যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। টুর্নামেন্টের জন্য তিন দেশের মোট ১২টি স্বাগতিক শহর চূড়ান্ত করেছে আইসিসি। একই সঙ্গে আসন্ন বিশ্বকাপের নতুন ফরম্যাটেরও ঘোষণা দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়। দেশটির জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গকেবেরহা (সাবেক পোর্ট এলিজাবেথ), ইস্ট লন্ডনের বাফেলো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন; এই আটটি শহরে হবে ৫৪ ম্যাচের অধিকাংশ।

জিম্বাবুয়ের হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলসে অনুষ্ঠিত হবে ৭ থেকে ১০টি ম্যাচ। আর নামিবিয়ার রাজধানী উইন্ডহুকে হবে অন্তত তিনটি ম্যাচ।

ফাইনালের সম্ভাব্য ভেন্যু হিসেবে রাখা হয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম এবং কেপ টাউনের নিউল্যান্ডসকে।

ভেন্যুর তালিকায় নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। পর্যটননির্ভর এই শহরে ১০ হাজার দর্শক ধারণক্ষমতার একটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে, যা চলতি বছরের শেষ নাগাদ শেষ হওয়ার কথা। ২০২৭ সালের প্রথম প্রান্তিকে আন্তর্জাতিক ম্যাচ দিয়ে স্টেডিয়ামটির উদ্বোধন হতে পারে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে রাখা হয়েছে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে। ধারণা করা হচ্ছে, এই দুই শহর এবং নামিবিয়া মিলে আগামী বছরের বিশ্বকাপ বাছাইপর্ব আয়োজন করতে পারে।

দক্ষিণ আফ্রিকা এর আগে ২০০৩ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০০৭ সালের প্রথম পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৩ সালের নারী টি–টোয়েন্টি বিশ্বকাপসহ একাধিক আইসিসি টুর্নামেন্ট আয়োজন করেছে। তবে নামিবিয়ার জন্য এটি হবে প্রথম কোনো সিনিয়র আইসিসি টুর্নামেন্ট আয়োজনের অভিজ্ঞতা।

প্রাথমিক সূচি অনুযায়ী, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে ৪ অক্টোবর। ফাইনাল হওয়ার কথা ২১ নভেম্বর।

বদলে যাচ্ছে বিশ্বকাপের ফরম্যাট
২০২৭ বিশ্বকাপ থেকেই অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ১৪ দলের করা হচ্ছে। ফলে বাড়ছে ম্যাচসংখ্যাও। নতুন ফরম্যাটে সেমিফাইনালে ওঠার আগে দলগুলোকে খেলতে হবে তিন ধাপের প্রতিযোগিতা।

প্রথম ধাপের নাম ‘সুপার সিরিজ’। র‌্যাঙ্কিং বা বাছাইপর্বের তলানিতে থাকা তিন দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিপক্ষে খেলবে। এই পর্বের শীর্ষ দলটি জায়গা করে নেবে মূল পর্বে।

দ্বিতীয় ধাপে মোট ১২টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। ‘সুপার সিরিজ’ থেকে উঠে আসা একটি দলের সঙ্গে আগে থেকেই অপেক্ষায় থাকা ১১টি দল যোগ দেবে এই পর্বে। প্রতিটি গ্রুপে থাকবে ছয়টি করে দল। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে মোট ছয়টি দল এবং পয়েন্টের হিসাবে সেরা চতুর্থ দলটি জায়গা করে নেবে ‘সুপার ৭’ পর্বে।

সাত দলকে নিয়ে অনুষ্ঠিত হবে ‘সুপার সেভেন’। এখানে প্রতিটি দল অন্য ছয় দলের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে।

সেমিফাইনালে মুখোমুখি হবে সুপার ৭-এর শীর্ষ দল ও চতুর্থ দল। অন্য সেমিফাইনালে খেলবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দল। দুই সেমিফাইনালের জয়ীরা লড়বে শিরোপার জন্য।

দলসংখ্যা ও ম্যাচ বাড়ানোর মাধ্যমে বিশ্বকাপকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলতেই এই নতুন ফরম্যাট চালু করছে আইসিসি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন