রবিবার । ২৮শে জুন, ২০২৬ । ১৪ই আষাঢ়, ১৪৩৩

এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং বর্তমান বিসিবি সভাপতি তামিম ইকবালকে সম্মানসূচক আজীবন সদস্য হিসেবে স্বীকৃতি দিয়েছে মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। বাংলাদেশের সাবেক এই অধিনায়কের পাশাপাশি মর্যাদাপূর্ণ এই স্বীকৃত পেয়েছেন নিউজিল্যান্ডের সুজি বেটস ও সোফি ডিভাইন, অস্ট্রেলিয়ার মেল জোন্স এবং ভারতের চেতেশ্বর পূজারা।

রবিবার (২৮ জুন) এক বিবৃতিতে এমসিসি জানায়, পাঁচজন ক্লাবের দেওয়া আজীবন সম্মানসূচক সদস্যপদ পাচ্ছেন। তামিমকে বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে ধরা হয়। তামিমের আগে এমসিসির সদস্যপদ পেয়েছিলেন সাকিব আল হাসান। তামিম বাংলাদেশের হয়ে টেস্টে ৫ হাজারের বেশি রান করেছেন, যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে সেঞ্চুরি করে তিনি জায়গা করে নেন ঐতিহ্যবাহী অনার্স বোর্ডেও।
ওয়ানডে ক্রিকেটে ২৪৩ ম্যাচে তামিমের সংগ্রহ ৮ হাজারের বেশি রান, যা বাংলাদেশের হয়ে এই সংস্করণে সর্বোচ্চ। ২০১১ সালে তিনি উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের বর্ষসেরা ক্রিকেটার এবং উইজডেনের বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের স্বীকৃতি পেয়েছিলেন।

তামিমের সঙ্গে আজীবন সদস্যপদ পাওয়া সুজি বেটস ও সোফি ডিভাইন চলতি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। দীর্ঘ ক্যারিয়ারের স্বীকৃতি হিসেবে দুজনকেই আজীবন সম্মানসূচক সদস্য করেছে এমসিসি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন