দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ নারী দল। ধীরগতির শুরুর পর আর কেউই ব্যাটিংয়ের গিয়ার পরিবর্তন করতে পারেননি। শেষদিকে নিগার সুলতানা জ্যোতি কিছুটা চেষ্টা করেছেন। তার ২০ বলে ৩২ রানের ইনিংসে ভর করে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে লর্ডসে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৭ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন সুবহানা মোস্তারি।
ব্যাটিংয়ের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। মারিজায়ানা কাপের করা ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। দুর্দান্ত এক ইয়র্কারে লাইন মিস করে বোল্ড হয়েছেন এই ওপেনার। আরেক ওপেনার তাজনেহারও সুবিধা করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে মাত্র এক রান।
দুই ওপেনারের ব্যর্থতার পর দলের হাল ধরেন সুবহানা মোস্তারি ও শারমিন আক্তার। কিন্তু দুজনই বেশ ধীরগতির ব্যাটিং করেছেন। মাঝের ওভারে গিয়ার পরিবর্তন করতে গিয়ে ফিরেছেন তারা। ২৯ বলে ২২ রান করেন শারমিন, আর মোস্তারি করেছেন ৪৮ বলে ৪২ রান।
শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন জ্যোতি। অধিনায়কের ২০ বলে ৩২ রানের ইনিংসে ভর করেই লড়াইয়ের পুঁজি পায় দল।
খুলনা গেজেট/রুএ

