বৃহস্পতিবার । ২৫শে জুন, ২০২৬ । ১১ই আষাঢ়, ১৪৩৩

বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে বাংলাদেশের সামনে যে সমীকরণ

ক্রীড়া প্রতিবেদক

নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ১২ দলের এই আসরে তিন ম্যাচ শেষে দুই জয় তুলে নিয়ে সেমিফাইনালের দৌড়ে ভালোভাবেই টিকে আছে টাইগ্রেসরা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ।

জ্যোতিদের মতো সমান পয়েন্ট আছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। তবে উন্নত নেট রান রেটের কারণে পয়েন্ট টেবিলে তারা এগিয়ে রয়েছে। টেবিলের শীর্ষে রয়েছে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট পাওয়া অস্ট্রেলিয়া। তাতেই প্রশ্ন উঠেছে, সেমিফাইনাল খেলতে বাংলাদেশকে কী করতে হবে?

সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে বাংলাদেশের সামনে সবচেয়ে সহজ সমীকরণ হলো বাকি দুই ম্যাচেই জয় পাওয়া। গ্রুপপর্বে টাইগ্রেসদের শেষ দুই প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। এই দুই ম্যাচে জিততে পারলে কোনো হিসাব-নিকাশ ছাড়াই শেষ চারে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াও সেমিফাইনাল নিশ্চিত করবে, আর বিদায় নেবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। তবে একটি ম্যাচে জয় পেলেও বাংলাদেশের আশা বেঁচে থাকবে। সেক্ষেত্রে জটিল সমীকরণের মুখোমুখি হতে হবে নিগার সুলতানা জ্যোতির দলকে।

বাংলাদেশ যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় অবশ্যই প্রয়োজন হবে। পাশাপাশি অস্ট্রেলিয়ার কাছে ভারতকে হারতে হবে। তখন ভারত, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের পয়েন্ট হবে সমান ৬। সেক্ষেত্রে সেমিফাইনালে ওঠার ভাগ্য নির্ধারণ করবে নেট রান রেট।

বাংলাদেশের সামনে তাই এখন প্রতিটি ম্যাচই কার্যত নকআউট। বিশেষ করে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফলই ঠিক করে দেবে টাইগ্রেসদের শেষ চারের ভাগ্য। বাংলাদেশ আজ (২৫ জুন) ম্যানচেস্টারে ভারতের বিপক্ষে মাঠে নামবে। এরপর ২৮ জুন লর্ডসে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

বিশ্বকাপের দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৩০ জুন ও ২ জুলাই, দ্য ওভালে। ৫ জুলাই শিরোপা নির্ধারণী ফাইনাল গড়াবে লর্ডসে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন