অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলছেন না লিটন দাস। গতকাল সংবাদ সম্মেলনে অবশ্য নিজে খেলা নিয়ে বলেছিলেন, সম্ভাবনা ফিফটি-ফিফটি। শেষ পর্যন্ত লিটনকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ। টি-টোয়েন্টির নিয়মিত অধিনায়কের পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।
দেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে ১৩তম অধিনায়ক হিসেবে টস করতে নামেন এই ব্যাটার। নেতৃত্বের প্রথম টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করতে নেমে অধিনায়কের দায়িত্ব পালনের দিনে ব্যাট হাতে ব্যর্থ হৃদয়। ৫ বলে ৮ রানে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি, হাঁকিয়েছেন একটি ছক্কা।
এদিকে মাংসপেসিতে চোটের কারণেই খেলেননি লিটন দাস। আজ এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, বাম পায়ের কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইনে পড়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস। চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না তিনি।
জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিবা জানিয়েছেন, মেডিকেল পরীক্ষায় লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন ধরা পড়েছে। তবে চোটটি গুরুতর নয় এবং তিনি ইতোমধ্যে ভালোভাবেই সেরে ওঠার পথে রয়েছেন।
ফিজিও বলেন, ‘মেডিকেল মূল্যায়নের পর দেখা গেছে, লিটনের বাম কাফ মাংসপেশিতে গ্রেড-১ স্ট্রেইন হয়েছে। প্রথম ম্যাচে সে খেলতে পারবে না। তবে চিকিৎসা ও পুনর্বাসনে তার অগ্রগতির ওপর নির্ভর করে সিরিজের পরের ম্যাচগুলোতে খেলার সম্ভাবনা রয়েছে। আমরা তার অবস্থার ওপর নিবিড়ভাবে নজর রাখছি।’
খুলনা গেজেট/এনএম

