শুক্রবার । ৫ই জুন, ২০২৬ । ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

স্পেন-ফ্রান্সের হোঁচটে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, তবে সামনে অশনি সংকেত!

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বকাপের আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ফিফা র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষস্থান ফিরে পেতে যাচ্ছে আর্জেন্টিনা। তবে এই সুখবরের আড়ালেই লুকিয়ে আছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান, যা বিশ্বকাপের আগে চিন্তায় ফেলতে পারে লিওনেল মেসি ও তার সতীর্থদের।

বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ জুন) নিজেদের শেষ হোম ম্যাচ খেলতে নেমেছিল স্পেন ও ফ্রান্স। কিন্তু দুই ইউরোপীয় পরাশক্তিই প্রত্যাশিত ফল পায়নি। লা করুনিয়ার এস্তাদিও রিয়াজোরে ইরাকের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্পেন। অন্যদিকে নঁতের স্তাদ দ্য লা বোজোয়ারে আইভরি কোস্টের কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ফ্রান্স।

এই দুই ফলের প্রভাব পড়ছে র‌্যাঙ্কিংয়ে। ফিফার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, নতুন র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা আবারও এক নম্বরে উঠে এসেছে। যদিও আনুষ্ঠানিকভাবে নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে ১১ জুন। অবশ্য শনিবার হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে হারলেও লিওনেল স্ক্যালোনির দলের পয়েন্ট দাঁড়াবে ১,৮৭৪, যা স্পেনের সম্ভাব্য ১,৮৭৩ এবং ফ্রান্সের ১,৮৬৯ পয়েন্টের চেয়ে বেশি।

চলতি বছরের মার্চে আন্তর্জাতিক বিরতির পর স্পেনকে টপকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ফ্রান্স। তার আগে ২০২৫ সালের জুলাইয়ে আর্জেন্টিনার দীর্ঘদিনের আধিপত্য ভেঙে এক নম্বরে পৌঁছেছিল স্পেন । ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছিল আলবিসেলেস্তেরা।

তবে শীর্ষে ফেরাটা আর্জেন্টিনার জন্য পুরোপুরি স্বস্তির খবর নয়। কারণ ইতিহাস বলছে, ফিফা র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হিসেবে বিশ্বকাপে অংশ নেয়া কোনো দলই এখন পর্যন্ত শিরোপা জিততে পারেনি।

১৯৯৪ বিশ্বকাপে এক নম্বরে ছিল জার্মানি, কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। ১৯৯৮ সালে শীর্ষে থাকা ব্রাজিল ফাইনালে হেরে যায় স্বাগতিক ফ্রান্সের কাছে। ২০০২ বিশ্বকাপে এক নম্বর ফ্রান্স বিদায় নেয় হতাশাজনকভাবে, আর শিরোপা জেতে ব্রাজিল।

২০০৬ বিশ্বকাপে আবারও শীর্ষে থাকা ব্রাজিলের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন হয় ইতালি। ২০১০ সালে ব্রাজিল এক নম্বর হয়েও ট্রফি তুলতে পারেনি, সে বছর শিরোপা জেতে স্পেন। ২০১৪ বিশ্বকাপে শীর্ষে ছিল বর্তমান চ্যাম্পিয়ন স্পেন, কিন্তু বিশ্বকাপ জেতে জার্মানি।

২০১৮ সালে এক নম্বর দল ছিল জার্মানি, অথচ চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। আর ২০২২ কাতার বিশ্বকাপের আগে শীর্ষে ছিল ব্রাজিল, কিন্তু শেষ হাসি হেসেছিল আর্জেন্টিনা।

শুধু এই ‘র‌্যাঙ্কিং অভিশাপ’ নয়, বিশ্বকাপ ধরে রাখার পথেও রয়েছে আরেকটি বড় চ্যালেঞ্জ। গত ৬৪ বছরে কোনো দেশ টানা দুইবার বিশ্বকাপ জিততে পারেনি। আর্জেন্টিনাও তাদের ইতিহাসে কখনও পরপর দুই বিশ্বকাপ জয়ের কীর্তি গড়তে পারেনি।

তাই বিশ্বকাপের আগে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পাওয়া যেমন আর্জেন্টিনার জন্য আত্মবিশ্বাসের বার্তা, তেমনি ইতিহাসের এই পরিসংখ্যানগুলো মেসিদের সামনে বাড়তি পরীক্ষার ইঙ্গিতও দিয়ে যাচ্ছে। এখন দেখার বিষয়, উত্তর আমেরিকার মাটিতে আর্জেন্টিনা কি ইতিহাসের এই দুই বাধা পেরিয়ে নতুন অধ্যায় রচনা করতে পারে কিনা।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন