প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে নারী চ্যাম্পিয়ন্স ট্রফি। শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের সূচিতে পরিবর্তন এনেছে আইসিসি। ২০২৭ সালের জুন-জুলাইয়ের পরিবর্তে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে।
পরিবর্তিত সূচি অনুযায়ী ১৪ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। আট দলের এই টুর্নামেন্টটি টি-টোয়েন্টি সংস্করণে হবে বলে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নতুন সূচির ফলে নিউজিল্যান্ডের অস্ট্রেলিয়া সফরের সঙ্গে আংশিক সূচি সংঘাত তৈরি হতে পারে। নিউজিল্যান্ডের ওই ছয় ম্যাচের সাদা বলের সিরিজ শুরু হবে ২৭ ফেব্রুয়ারি এবং শেষ হবে ৭ মার্চ। তাই পরিবর্তিত সূচি সম্পর্কে অবগত করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে এবং তারা সম্ভাব্য বিকল্প নিয়ে ভাবছে।
এ ছাড়া আইসিসির ত্রৈমাসিক মিটিংয়ে আরো কিছু সিদ্ধান্ত হয়েছে। এ বছর নারী ইমার্জিং নেশনস ট্রফির নতুন সংস্করণ পরীক্ষামূলকভাবে আয়োজনের অনুমোদন হয়েছে। এবার ১০ দলের এই টুর্নামেন্টে খেলবে পাঁচটি পূর্ণ সদস্য দেশ এবং র্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচিত পাঁচটি সহযোগী সদস্য দেশ।
আইসিসি ২০২৮ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়াও অনুমোদন করেছে। পাকিস্তানে অনুষ্ঠিতব্য এই আসরে মোট ১২টি দল অংশ নেবে, যার মধ্যে ১০টি দল সরাসরি জায়গা পাবে। ইংল্যান্ডে চলতি মাসে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের শীর্ষ আট দল, স্বাগতিক পাকিস্তান এবং ২০২৬ সালের ৬ জুলাইয়ের নারী টি-টোয়েন্টি র্যাঙ্কিং অনুযায়ী পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা দলগুলো সরাসরি সুযোগ পাবে। বাকি দুটি দল আসবে আঞ্চলিক বাছাইপর্ব এবং পরবর্তী ১০ দলের বৈশ্বিক বাছাই প্রতিযোগিতা থেকে।
খুলনা গেজেট/এএজে

