বিশ্ব ফুটবলের মহারণ শুরু হতে আর মাত্র ১৩ দিন বাকি। গ্লোবাল ডিকশনারিতে সবচেয়ে চেনা শব্দগুলোর তালিকা করলে ওপরের দিকেই থাকবে ‘ফুটবল’। আফ্রিকার বিদ্যুৎহীন, অনুন্নত গ্রাম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো আধুনিক মেগাসিটি- ভৌগোলিক ও সামাজিক সব ব্যবধান এক নিমিষেই মুছে দিতে পারে এই একটি গোল চামড়ার বল।
সময়ের পরিক্রমায় আবারও আর একটি ফুটবল বিশ্বকাপ আমাদের ঘরের দুয়ারে দাড়িয়ে। ফুটবল বিশ্বকাপ এর জ্বরে সারা পৃথিবীর মত কাঁপছে বাংলাদেশও। সারা বছর ক্রিকেটের ভিড়ে ফুটবল আড়ালে থাকলেও ফুটবল বিশ্বকাপ এলে বাঙ্গালীর ফুটবল প্রেম কিংবা উন্মাদনা চোখে পরার মত। প্রতিটি পাড়ায় মহল্লায় ইতিমধ্যেই তাদের পছন্দের দল এর সমর্থক গোষ্ঠী গড়ে উঠেছে। নিজের পছন্দের দলের গুণগান করার পাশাপাশি প্রতিপক্ষ দলের দুর্নাম করায় ব্যস্ত সবাই। বিশেষ করে আর্জেন্টিনা আর ব্রাজিল সমর্থকদের মধ্যকার শীতল যুদ্ধ উপভোগ্য। আর মাত্র কয়েকদিন পরেই শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২০২৬ সালের জমজমাট আসর। বিশ্বকাপের পূর্বের আসরগুলোতে জড়িয়ে আছে হাসি- কান্না , সাফল্য – ব্যর্থতার মুহূর্ত। আসুন ফিরে দেখি বিশ্বকাপ ফুটবলের কিছু বিতর্কিত, কলঙ্কিত এবং স্মরণীয় মুহূর্ত।
বিতর্ক এবং আর্জেন্টিনায় অনুষ্ঠিত ১৯৭৮ সালের বিশ্বকাপ একই সূত্রে গাঁথা। বিশ্বকাপের দু বছর আগে সামরিক ক্যু এর মাধ্যমে সামরিক বাহিনীর ক্ষমতা দখল বিশ্বকাপ আয়োজনে সংশয় দেখা দেয়। প্রথম রাউন্ডে আর্জেন্টিনার প্রতিটি খেলা রাতে অনুষ্ঠিত হওয়া নিয়ে প্রথম বিতর্কের সৃষ্টি। সব বিতর্ককে পেছনে ফেলে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা বনাম পেরুর ম্যাচে। ফাইনালে যাবার জন্য আর্জেন্টিনার ৪-০ গোলে জিততে হত, নয়ত ব্রাজিল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আর্জেন্টিনা ঐ ম্যাচে ৬-০ গোলে জয় লাভ করে ফাইনালে খেলার যোগ্যতা লাভ করে। প্রথম অর্ধে ২-০ গোলে এগিয়ে থাকে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে আরও ৪ টি গোল করে। দ্বিতীয়ার্ধে পেরুর খেলোয়াড়দের বডি ল্যাংগুয়েজ অনেক প্রশ্নের জন্ম দেয়। ঐ ম্যাচটি নিয়ে পরবর্তীতে অনেক গল্প কথা চালু হয়। কারো কারো মতে তৎকালীন সামরিক জান্তার হুমকির মুখে পেরুর খেলোয়াড়রা ম্যাচটিতে ইচ্ছাকৃতভাবে বিশাল ব্যবধানে হেরে যায়। আবার কারো মতে আর্জেন্টিনা থেকে অর্থনৈতিক ও বানিজ্য সুবিধার বিনিময়ে পেরু ম্যাচটাতে হার মানে। যদিও এ ধরণের অভিযোগের কোন তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। তারপরও বিশ্বকাপের বিতর্কিত ম্যাচের তালিকায় স্থান করে নিয়েছে এই ম্যাচটি।
খুলনা গেজেট/এএজে

