বিশ্ব ফুটবলের মহারণ শুরু হতে আর মাত্র ১৬ দিন বাকি। গ্লোবাল ডিকশনারিতে সবচেয়ে চেনা শব্দগুলোর তালিকা করলে ওপরের দিকেই থাকবে ‘ফুটবল’। আফ্রিকার বিদ্যুৎহীন, অনুন্নত গ্রাম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো আধুনিক মেগাসিটি- ভৌগোলিক ও সামাজিক সব ব্যবধান এক নিমিষেই মুছে দিতে পারে এই একটি গোল চামড়ার বল।
বিশ্ব আসরে এ পর্যন্ত সবচেয়ে সফল দল ব্রাজিল। যারা ৫ বার শিরোপা জিতেছে। এছাড়া চারবার করে জিতেছে জার্মানি ও ইতালি। বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬ গোল)। এক আসরে সর্বোচ্চ গোল ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্সের জা ফন্টেইনের। যিনি একাই করেছিলেন ১৩ গোল, যা আজও ভাঙেনি। আর সবচেয়ে সফল খেলোয়াড় পেলে। যিনি একমাত্র ফুটবলার হিসেবে ৩টি বিশ্বকাপ জিতেছেন।
এছাড়া বিশ্বকাপের ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টিনার মহাতারকা ফুটবলার লিওনেল মেসি। তিনি ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই অনন্য সম্মাননা অর্জন করেন।
রেকর্ড আর ইতিহাসের বাঁক পেরিয়ে ২০২৬ বিশ্বকাপ পা রাখছে এক নতুন দিগন্তে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর যৌথ আয়োজনে এবারই প্রথম ৩২ দলের পরিবর্তে রেকর্ড ৪৮টি দেশ অংশ নিচ্ছে। ম্যাচ সংখ্যাও বেড়ে দাঁড়িয়েছে ১০৪টিতে। ফুটবল ইতিহাসের এই নতুন অধ্যায়ের দিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব।
খুলনা গেজেট/এনএম

