সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ১৭ দিন

মোঃ আনিস উদ্দিন

বিশ্ব ফুটবলের মহারণ শুরু হতে আর মাত্র ১৭ দিন বাকি। গ্লোবাল ডিকশনারিতে সবচেয়ে চেনা শব্দগুলোর তালিকা করলে ওপরের দিকেই থাকবে ‘ফুটবল’। আফ্রিকার বিদ্যুৎহীন, অনুন্নত গ্রাম থেকে শুরু করে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কোনো আধুনিক মেগাসিটি- ভৌগোলিক ও সামাজিক সব ব্যবধান এক নিমিষেই মুছে দিতে পারে এই একটি গোল চামড়ার বল।

১৯৭০ ও ৮০-এর দশকে ফুটবল কৌশলে ব্যাপক পরিবর্তন আসে। ইয়োহান ক্রুইফের হাত ধরে নেদারল্যান্ডস বিশ্বকে চেনায় ‘টোটাল ফুটবল’। তবে ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপ একক নৈপুণ্যে নিজের করে নেন আর্জেন্টিনার মহাতারকা ডিয়েগো ম্যারাডোনা। ইংল্যান্ডের বিপক্ষে তার ‘হ্যান্ড অব গড’ এবং মাঝমাঠ থেকে ৬ জন খেলোয়াড়কে কাটিয়ে করা ‘শতাব্দীর সেরা গোল’ আর্জেন্টিনাকে দ্বিতীয় শিরোপা এনে দেয়। আর ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনার যুগে বাংলাদেশে আর্জেন্টিনার একটি বিশাল সমর্থকগোষ্ঠী তৈরি হয়, যা আজও বিদ্যমান।

২০০২ সালে প্রথমবার ইউরোপ ও আমেরিকার বাইরে এশিয়ার মাটিতে (যৌথভাবে জাপান ও দক্ষিণ কোরিয়ায়) বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। যেখানে জার্মানিকে হারিয়ে রেকর্ড পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয় রোনালদো-রোনালদিনহোর ব্রাজিল। ২০১০ সালে স্পেন তাদের বিখ্যাত পাসিং ফুটবল ‘টিকি-টাকা’ দিয়ে প্রথমবার বিশ্বজয় করে।

এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ কাতারে প্রথমবারের মতো শীতকালে (নভেম্বর-ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ২০২২ বিশ্বকাপ। এটিকে ইতিহাসের অন্যতম সেরা বিশ্বকাপ বলা হয়। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক রুখে দিয়ে টাইব্রেকারে জয়ী হয় আর্জেন্টিনা। এর মাধ্যমে দীর্ঘ ৩৬ বছরের খরা কাটিয়ে নিজের ক্যারিয়ারের একমাত্র অপূর্ণতা দূর করে ট্রফি উঁচিয়ে ধরেন লিওনেল মেসি। (চলবে)

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন