বরাবরের মত এবারো বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে সরব হয়েছেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। তবে এবার তিনি ক্রিকেটাঙ্গন, রাজনীতি, মন্ত্রী, বিসিবি ও ক্রীড়া সাংবাদিকদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।
শুক্রবার, ২২ মে, নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নিয়ে একটি পোস্ট দিয়েছেন। দীর্ঘ পোস্টে তিনি সাংবাদিকদের নামে বিভিন্ন অভিযোগ তুলেছেন এবং সেগুলোর প্রমাণ দেওয়ারও দাবি করেছেন। তবে পুরো বক্তব্যে তিনি কারও নাম সরাসরি উল্লেখ করেননি।
আসিফ আকবর তার পোস্টটে লেখেন, ‘অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এখন যারা বোর্ড দখল করে বসে আছে তারা রাষ্ট্রের খয়রাতি ক্রিকেট মন্ত্রীর লোভী উচ্চাভিলাসের পরিণতি মাত্র। ক্রিকেট জার্নালিজমে এখন নৈতিকতার লেশমাত্র নেই। মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নামধারী ছাপড়িদের যন্ত্রণায় অতিষ্ঠ বেসিক নিউজ করা মূলধারার সংবাদ মাধ্যমগুলো। দেশের ক্রিকেটের ডেভেলপমেন্টের চেয়ে ধান্দাবাজির হিসাব বেশি, এদের মধ্যে আবার ভারতীয় গণমাধ্যমের ঘাপটি মেরে থাকা এজেন্টও আছে, রয়েছে অনৈতিক অর্থনৈতিক উন্নতির চেরাগ।’
দেশপ্রেমিক সাংবাদিকদের কাজ করার সুযোগ তৈরি করে দিতে মিডিয়া মালিকদের অনুরোধ করে তিনি বলেন, ‘মিডিয়া মালিকদের অনুরোধ করবো এদের বিসিবি থেকে মফস্বলে পোস্টিং দিন, দেশপ্রেমিক স্পোর্টস জার্নালিস্টদের কাজ করার সুযোগ দিন। এরা সারাদিন বিসিবির দরজার সামনে ক্যামেরা তাক করে থাকে, এদের দেখলে মাঝে মধ্যে মনে হয় গুলশান কিংবা পান্থপথ মোড়ের ভিখারিগুলার আপগ্রেড ভার্সন। কাউকে দেখলেই ঝাঁপিয়ে পড়ে আর কেটে কেটে নিউজ করে বেনামি পোর্টালে, মানুষ পায় ভুল তথ্য, বেকুবের মত দৌড়ানো শুরু করে চিলের পিছে। প্লেয়ারদের জাঙ্গিয়ার রং, কলার খোসা, গরুর ঝোল নিয়ে তাদের ভিভিআইপি রিপোর্ট চলে, সারা দেশের খেলার খবর প্রচারের কোন আগ্রহ এদের নেই।’
পতিত সরকারের লোক এখনো ক্রিকেট বোর্ড দখল করে আছে উল্লেখ্য করে তিনি বলেন, ‘এদেরকে লালন পালন করে গণভবনের সেই গুপ্ত ফ্যাসিস্ট বিহারিটা, যে হাসিনা এবং পাপনের শাসন প্রতিষ্ঠার স্বপ্নে ক্রিকেট বোর্ড দখল করে বসে আছে। বিএনপির সর্বভুক কিছু নেতা-মন্ত্রীর কয়েকটা বকনা বাছুর শো’পিস হিসেবে ব্যবহার করে বিসিবি’তে প্রতিষ্ঠা করতে চাচ্ছে পুরোনো হাসিনা, পাপন ও জয় শাহ্ তন্ত্র। এই নেপো কিডস’গুলো নিজেদের খুব যোগ্য মনে করে, কারণ ছাদে উঠতে তাদের সিঁড়ি লাগে না, বাবার পরিচয়ই যোগ্যতা। মিরপুর স্টেডিয়ামের ভিতরের কুকুরগুলোও বছর বছর বাচ্চা পয়দা করে, ক্রীড়া সাংবাদিক নামধারী এসব পেইড এবং ডোমেস্টিক অ্যানিমেল গুলোর অবস্থান বদলায় না।’
সংবাদ মাধ্যমের সম্পাদকদের কাছে অনুরোধ করে আসিফ বলেন, ‘সংবাদ মাধ্যমের সম্পাদকদের কাছে অনুরোধ, এদের খবর এবং তালিকা আমার কাছে আছে, আমি সাহায্য করবো। অতি দ্রুত এসব নষ্ট ভিউখোর এজেন্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, এদের কারণে আপনার মিডিয়া হাউস আছে উচ্চ মাত্রার ঝুঁকিতে।’
সবশেষে তিনি লেখেন, ‘জনতার সরকারকে বলবো, ক্রিকেট মন্ত্রী আর তিন আগস্টের গণভবনের বিহারী গুপ্তটাকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করুন, প্রমাণ আমি দিবো। সাবধান হউন, সময় গেল সাধন হবে না।’
খুলনা গেজেট/এএজে

