শনিবার । ২৩শে মে, ২০২৬ । ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল, বাকি মাত্র ২০ দিন

মোঃ আনিস উদ্দিন

দরজায় কড়া নাড়ছে ফিফা বিশ্বকাপ ২০২৬। মাঠের লড়াই শুরু হতে বাকি আর মাত্র ২০ দিন। এদিকে এক রোমাঞ্চর পরিসংখ্যান প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এ পর্যন্ত এমন ২২ জন ফুটবলার রয়েছেন, যারা এক দেশে জন্ম নিলেও অন্য দেশের জার্সি গায়ে উঁচিয়ে ধরেছেন বিশ্বকাপের শিরোপা।

অন্য দেশে জন্ম নিয়ে বিশ্ব জয়ের এই ধারা শুরু হয়েছিল ১৯৩৪ সালের বিশ্বকাপে। সেই আসরে মোট সাতজন বিদেশি বংশোদ্ভুত ফুটবলার নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক ইতালি। এদের মধ্যে আর্জেন্টিনায় জন্ম নেওয়া চার তারকা- আত্তিলিও দেমারিয়া, এনরিকে গুয়াইতা, লুইস মন্টি এবং রাইমুন্ডো ওরসি আজ্জুরিদের ট্রফি জেতাতে মূল ভূমিকা রাখেন।

এছাড়াও সেই স্কোয়াডে ছিলেন ব্রাজিলে জন্ম নেওয়া আনফিলোগিনো গুয়ারিসি, ফ্রান্সে জন্ম নেওয়া ফেলিস বোরেল এবং অস্ট্রিয়া-হাঙ্গেরিতে (বর্তমান ক্রোয়েশিয়া) জন্ম নেওয়া মারিও ভার্গলিয়েন।

এর মধ্যে লুইস মন্টি তো এক অবিশ্বাস্য ইতিহাস গড়েন। ১৯৩০ সালের ফাইনালে আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের কাছে হেরে যাওয়ার ৪ বছর পর ১৯৩৪ সালে ইতালির হয়ে বিশ্বকাপ জেতেন। বিশ্বমঞ্চে দুটি ভিন্ন দেশের হয়ে ফাইনাল খেলা একমাত্র ফুটবলার তিনিই।

বিশ্বকাপজয়ী সবচেয়ে উল্লেখযোগ্য বিদেশী বংশোদ্ভূত খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ফরাসি মার্সেল দেসাইলি (ঘানা) ও প্যাট্রিক ভিয়েরা (সেনেগাল), জার্মান মিরোস্লাভ ক্লোসে (পোল্যান্ড) ও লুকাস পোডলস্কি (পোল্যান্ড), এবং ইতালীয় ক্লাউদিও জেন্তিলে (লিবিয়া)।

‘২২’ জনের তালিকায় যুক্ত হতে পারেন আরও বেশ কয়েকজন তারকা। এবারের আসরে অন্য দেশে জন্ম নিয়ে পরাশক্তিদের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুত একঝাঁক প্রতিভাবান ফুটবলার।

স্পেনে জন্ম নেওয়া নিকো পাজ ও মাতেও পেলেগ্রিনো এবং ইতালিতে জন্ম নেওয়া জিউলিয়ানো সিমিওনে এবার মাঠ মাতাবেন আর্জেন্টিনার হয়ে। অন্যদিকে ইংল্যান্ডে জন্ম নেওয়া মাইকেল অলিসে এবং ইতালিতে জন্ম নেওয়া মার্কাস থুরাম লড়বেন ফ্রান্সের জার্সিতে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন