সিলেটে দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান তাদের দ্বিতীয় ইনিংসে ৩৫৮ রানে যায়। এতে ২-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচ শেষে নিজেদের ভুলগুলো অকপটে স্বীকার করে হারের কারণ ব্যাখ্যা করেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
ম্যাচ শেষে শান মাসুদ জানান, চতুর্থ ইনিংসে লড়াই করলেও ম্যাচের শুরুর দিকের ভুলগুলোই তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। তিনি বলেন, ‘আমাদের অনেক ভুল হয়েছে। একটা টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে যখন আপনার দল প্রায় ৩৬০ (৩৫৮) রান তোলে, তখন স্বাভাবিকভাবেই আশা করা যায় যে ফলটা আপনার পক্ষেই আসবে। কিন্তু আমার মনে হয়, ম্যাচের আগের তিনটি ইনিংসে আমাদের পারফরম্যান্স নিয়ে অনেক ভাবার আছে। প্রথম তিন ইনিংসের সেসব ভুলই আমাদের মূলত পিছিয়ে দিয়েছে এবং আমাদের সামনে লক্ষ্যটাকে পাহাড়সম করে তুলেছে।’
প্রথম ইনিংসে বাংলাদেশ যখন ১১৬ রানে ৬ উইকেট হারায়, তখন সেখান থেকে দলকে ২৭৮ রানের পুঁজি এনে দেন লিটন দাস। বাংলাদেশের লোয়ার অর্ডারের এই প্রতিরোধই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে বলে মনে করেন সফরকারী অধিনায়ক। শান মাসুদ বলেন, ‘বিশেষ করে বাংলাদেশ যখন প্রথম ইনিংসে ১১৬ রানে ৬ উইকেট হারিয়েছিল, তখন শেষ ৪টি উইকেটে তারা অনেক রান যোগ করে ফেলেছে। আমরা সে সময় সুযোগ হাতছাড়া করেছি, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’
শুধু বোলিং বা ফিল্ডিং নয়, প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতার কথাও মনে করিয়ে দেন মাসুদ। ২৩২ রানে অলআউট হওয়া নিয়ে তিনি বলেন, ‘প্রথম ইনিংসে ৪ উইকেট হারানোর পর দুজন সেট ব্যাটসম্যান ক্রিজে ছিলেন, তখন টেস্ট ক্রিকেটের নিয়ম অনুযায়ী আপনাকে বড় ইনিংস খেলতেই হতো। কিন্তু আমরা তা পারিনি। প্রথম তিন ইনিংসে আমরা যেসব ভুল করেছি, সেই খেসারতের কারণেই চতুর্থ ও পঞ্চম দিনে আমাদের সর্বোচ্চ চেষ্টাগুলো শেষ পর্যন্ত আর জয়ে রূপ নেয়নি।’
খুলনা গেজেট/এএজে

