বৃহস্পতিবার । ২১শে মে, ২০২৬ । ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

পাকিস্তানকে হোয়াইটওয়াশ, টেস্ট র‍্যাঙ্কিংয়ে প্রথমবার সাতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

মিরপুর থেকে সিলেট—পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেটে নতুন এক রূপ দেখল ক্রিকেটবিশ্ব। দুই ম্যাচের টেস্ট সিরিজে সফরকারী পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ঐতিহাসিক হোয়াইটওয়াশের স্বাদ নিয়েছে বাংলাদেশ। আর এই মাঠের দাপুটে পারফরম্যান্সের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এলো স্মরণীয় এক সুখবর। টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে এই প্রথম সাত নম্বরে উঠে এসেছে টিম বাংলাদেশ।

বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর দল। আর এই ম্যাচ শেষ হওয়ার পরপরই আইসিসি তাদের টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করে, যেখানে পরাশক্তি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেবিলের সপ্তম স্থানটি নিজেদের করে নিয়েছে ফিল সিমন্সের শিষ্যরা।

টেস্ট সিরিজ শুরুর আগে মিরপুরের চেনা মন্থর ও স্পিন-সহায়ক পিচের চিরাচরিত পথ থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস বোলার ও ব্যাটারদের সুবিধা দিতে ঘাসের ও গতিময় পিচ প্রস্তুত করা হয়। সিলেট টেস্টেও একই রণকৌশল বজায় রাখে টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে এমন সাহসী সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা দিয়েছেন পেসার ও ব্যাটাররা। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সফরকারীদের কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা।

আইসিসির সর্বশেষ তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগে বাংলাদেশের রেটিং পয়েন্ট ছিল ৬৭। পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর এক লাফে ১১ রেটিং পয়েন্ট বাড়িয়ে বাংলাদেশের বর্তমান পয়েন্ট দাঁড়িয়েছে ৭৮। অন্যদিকে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ হেরে পাকিস্তান দুই ধাপ পিছিয়ে ৭৫ পয়েন্ট নিয়ে আট নম্বরে নেমে গেছে। আর এক ধাপ পিছিয়ে ৬৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে ক্যারিবীয়রা। ১ ধাপ এগিয়ে ৮৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ঠিক ওপরে (৬ষ্ঠ স্থানে) আছে শ্রীলঙ্কা। এদিকে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন।

এক নজরে আইসিসি টেস্ট টিম র‌্যাঙ্কিং:

১. অস্ট্রেলিয়া (১৩১ পয়েন্ট)
২. দক্ষিণ আফ্রিকা (১১৯ পয়েন্ট)
৩. ভারত (১০৪ পয়েন্ট)
৪. ইংল্যান্ড (১০২ পয়েন্ট)
৫. নিউজিল্যান্ড (১০১ পয়েন্ট)
৬. শ্রীলঙ্কা (৮৬ পয়েন্ট)
৭. বাংলাদেশ (৭৮ পয়েন্ট)
৮. পাকিস্তান (৭৫ পয়েন্ট)
৯. ওয়েস্ট ইন্ডিজ (৬৮ পয়েন্ট)
১০. জিম্বাবুয়ে (১০ পয়েন্ট)

প্রসঙ্গত, পাকিস্তানের বিপক্ষে এই ২-০ ব্যবধানের রাজকীয় জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারতকে টপকে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার ইতিহাসে এটিকে অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। ঘরের মাঠে পেস-সহায়ক কন্ডিশনে পাকিস্তানকে এভাবে উড়িয়ে দেওয়া শান্ত-তাসকিনদের এক নতুন ও পরিপক্ব বাংলাদেশেরই জানান দিচ্ছে।

খুলনা গেজেট/এমএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন