আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সঙ্গে বিশ্বকাপের নতুন মেয়াদের সম্প্রচার স্বত্বের চুক্তির বিষয়ে একমত হয়েছে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। শুক্রবার (১৫ মে) বিকেলে হওয়া চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে সিএমজি কর্তৃপক্ষ।
ফিফা ও সিএমজির এই সহযোগিতার আওতাভুক্ত প্রতিযোগিতাগুলোর মধ্যে রয়েছে ২০২৬ সালের বিশ্বকাপ, ২০৩০ সালের বিশ্বকাপ, ২০২৭ সালের নারী বিশ্বকাপ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপ।
সহযোগিতা চুক্তি অনুযায়ী, সিএমজি এই প্রতিযোগিতাগুলোর জন্য চীনের মূল ভূখণ্ডে একচেটিয়া সম্প্রচার স্বত্ব এবং মাধ্যম বিতরণের অধিকার নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে ফ্রি-টু-এয়ার টেলিভিশন, পে টেলিভিশন, ইন্টারনেট ও মোবাইল ডিভাইসসহ সব মাধ্যম।
সিএমজি হচ্ছে ফিফার বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ অংশীদার। দুই পক্ষের সহযোগিতা ১৯৭৮ সালে শুরু হয়। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বেইজিং সময় ১২ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে যৌথভাবে অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথমবার তিনটি দেশ যৌথভাবে আয়োজন করবে।
এবারের প্রতিযোগিতায় দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮টি করা হবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যা আয়োজনের ইতিহাসে একটি নতুন রেকর্ড। সিএমজি তার সর্বমাধ্যম প্রচার নেটওয়ার্ক এবং বিশ্বমানের সম্প্রচার ও প্রযোজনা দক্ষতার মাধ্যমে দর্শকদের উপহার দেবে এক অসাধারণ শীর্ষস্থানীয় ফুটবল মহাযজ্ঞ।
খুলনা গেজেট/এএজে

