মঙ্গলবার । ১২ই মে, ২০২৬ । ২৯শে বৈশাখ, ১৪৩৩
টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন

বিশ্বকাপে আর্জেন্টিনার ২২ ফুটবলার চূড়ান্ত, বাকি ৪ জন কারা

ক্রীড়া প্রতিবেদক

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক মাসের কম সময় বাকি। এরই মধ্যে মেগা ইভেন্টকে সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ৫৫ সদস্যের প্রাথমিক দল থেকে চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা করা হবে।

আর্জেন্টিনার ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এরই মধ্যে ২২ ফুটবলারের জায়গা প্রায় নিশ্চিত হয়ে গেছে। কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটলে তারাই খেলবেন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে।

এখন কোচিং স্টাফের সামনে সবচেয়ে বড় কাজ বাকি চারটি জায়গা নিয়ে সিদ্ধান্ত নেওয়া। আগামী এক মাসে এসব জায়গার জন্য কয়েকজন ফুটবলারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে।

গোলরক্ষক হিসেবে নিশ্চিত ধরা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লিকে। তৃতীয় গোলরক্ষকের জায়গা নিয়ে লড়াই হচ্ছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজের মধ্যে। সাম্প্রতিক সময়ে বেশি ম্যাচ খেলায় কিছুটা এগিয়ে আছেন বেনিতেজ।

রক্ষণভাগে নিশ্চিতদের মধ্যে আছেন নাহুয়েল মোলিনা, গনঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। তবে পঞ্চম সেন্টার-ব্যাক হিসেবে কাকে নেওয়া হবে, তা নিয়ে চলছে আলোচনা। এই জায়গার জন্য প্রতিদ্বন্দ্বিতায় আছেন মার্কোস সেঞ্চি ও ফাকুন্দো মেদিনা।

মাঝমাঠে নিশ্চিত ধরা হচ্ছে লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এঞ্জো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, নিকোলাস গনসালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদাকে। আক্রমণভাগে নিশ্চিতদের তালিকায় আছেন লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, জুলিয়ানো সিমিওনে ও হোসে লোপেস।

বাম প্রান্তের রক্ষণভাগ নিয়েও রয়েছে কিছু অনিশ্চয়তা। অভিজ্ঞ মার্কোস আকুনিয়া ও গাব্রিয়েল রোহাসের মধ্যে একজনকে নেওয়া হতে পারে। আবার কোচ স্কালোনি চাইলে স্বাভাবিক বাম-ব্যাকের বদলে বহুমুখী কোনো ফুটবলারকেও দলে রাখতে পারেন। সে ক্ষেত্রে ভ্যালেন্তিন বারকোর সম্ভাবনা রয়েছে।

এছাড়া শেষ দিকের একটি জায়গার জন্য আলোচনায় আছেন জিওভানি লো সেলসো, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো, মাসিমো পেরোনে ও জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি। তবে প্রেস্টিয়ান্নির ওপর নিষেধাজ্ঞা থাকায় তাঁর সুযোগ কমে যেতে পারে।

২০২২ বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে। আর সেই লক্ষ্যেই স্কালোনি ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছেন তার চূড়ান্ত পরিকল্পনা।

আর্জেন্টিনার প্রায় নিশ্চিত ২২ ফুটবলার

গোলরক্ষক
এমিলিয়ানো মার্তিনেজ ও জেরোনিমো রুল্লি

রক্ষণভাগ
নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো

মাঝমাঠ
লিয়ান্দ্রো পারেদেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্দেজ, রদ্রিগো দি পল, নিকোলাস গঞ্জালেস, এক্সেকিয়েল পালাসিওস, নিকোলাস পাস ও থিয়াগো আলমাদা

আক্রমণভাগ
জুলিয়ানো সিমিওনে, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ ও হোসে লোপেস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন