সোমবার । ১১ই মে, ২০২৬ । ২৮শে বৈশাখ, ১৪৩৩

থাই ক্লাবকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ভারতের গোয়ায় ২৫ মে থেকে শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ। যেখানে বাংলাদেশ গত দুই আসরের চ্যাম্পিয়ন। তাই এবার হ্যাটট্রিক মিশনে বাংলাদেশ দল প্রস্তুতির লক্ষ্যে থাইল্যান্ডের ব্যাংককে রয়েছে। থাই ক্লাব কাসেম বুন্ডিতকে সোমবার (১১ মে) প্রস্তুতি ম্যাচে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বাংলাদেশ দুই অর্ধেই একটি করে গোল করেছে। প্রথমার্ধে সুইডিশ প্রবাসী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী ১৫ মিনিটে গোল করে লিড এনে দেন। তার গোলে এগিয়ে থেকে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে বিরতিতে। ৭৭ মিনিটে উমহেলা মারমা ব্যবধান দ্বিগুণ করেন। প্রস্তুতি ম্যাচ হওয়ায় ঘুরে-ফিরে বাংলাদেশের সকল খেলোয়াড়কেই খেলিয়েছেন কোচ পিটার বাটলার। থাই ক্লাবটি প্রথম স্তরের চতুর্থ দল। গত মাসে এএফসি অ-২০ টুর্নামেন্টে বাংলাদেশের বিপক্ষে খেলা থাইল্যান্ড দলের চারজন রয়েছেন এই ক্লাবে।

বাংলাদেশ ১৫ দিনের ক্যাম্পের পাশাপাশি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে থাইল্যান্ডে। ১৭ মে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ থাইল্যান্ডের দ্বিতীয় বিভাগের দল ব্যাংকক স্পোর্টস স্কুল ক্লাব। ব্যাংকক থেকে ২১ মে ভারতের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ।

সাফে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক ভারত ও মালদ্বীপ। ২৯ মে মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। ৩১ মে গ্রুপপর্বের হাইভোল্টেজ ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন