বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট লড়ছে পাকিস্তান দল। আগামীকাল পঞ্চম দিনে নির্ধারিত হবে ঢাকা টেস্টের ফলাফল। সোমবার (১১ মে) চতুর্থ দিন শেষে সংবাদ সম্মেলনে দুই দলের প্রতিনিধিই জানিয়েছেন ম্যাচ জয়ের কথা।
পাকিস্তানি ব্যাটার সালমান আলি আগা বলেন, ‘অবশ্যই আমরা জয়ের জন্য খেলব। যদি ওরা সাহস করে আমাদের ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, আমরা অবশ্যই সেটা তাড়া করতে নামব। তবে আমার মনে হয় না ওরা এমনটা করবে।’
‘যদি ওরা আমাদের দুই সেশন সময় দেয় এবং ২৫০ রানের মতো লক্ষ্য দেয়, তবে আমরা অবশ্যই প্রথমে জয়ের জন্য যাব। তারপর দেখব পিচ কেমন আচরণ করছে। তবে এই মুহূর্তে আমরা ম্যাচটি জিততেই চাই।’-যোগ করেন তিনি।
বাংলাদেশ দল বড় রানের জন্য ঝুঁকি নেবে, সেটাই চাওয়া সালমানের, ‘এটার জন্য ওদের আরও ১২০ রানের মতো করতে হবে। সেটা করতে গেলে অনেক ঝুঁকি নিতে হবে। ব্যক্তিগতভাবে আমি চাই ওরা এমনটা করুক। ৬০-৭০ ওভারে ২৬০ রান তাড়া করা দুই দলের জন্যই সুযোগ তৈরি করবে। কিন্তু আমার কেন জানি মনে হয় ওরা এটা করবে না।’
‘বৃষ্টির পর ওরা খুব একটা দ্রুত রান তোলেনি। আমি আসলে তেমনটা আশাও করিনি কারণ বৃষ্টির পর প্রায় দুই ঘণ্টা সময় ছিল। তবে আগামীকাল হয়তো ওরা দ্রুত রান তোলার চেষ্টা করবে এবং আমাদের একটা লক্ষ্য দেবে। দেখা যাক কাল কী হয়।’-যোগ করেন তিনি।
খুলনা গেজেট/এএজে

