শুক্রবার । ৮ই মে, ২০২৬ । ২৫শে বৈশাখ, ১৪৩৩

‘সেঞ্চুরি মিসে আক্ষেপ হয়েছে, কারণ বউ হয়ত একটু গালি দেবে’

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটারদের কাছে সেঞ্চুরি বড় একটা বিষয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে আরও বেশি। আর সেই সেঞ্চুরি যদি নব্বইয়ের ঘরে থাকাও অবস্থায় মিস হয়ে যায়, তাহলে তো আক্ষেপ আর আফসোসের শেষ থাকে না। শুক্রবার ( ৮ মে) মিরপুর শেরে-ই বাংলার মাঠে ঘটেছে তেমনি এক ঘটনা।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। দিনশেষে চালকের আসনেই আছে টাইগাররা। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি পেলেও বঞ্চিত হয়েছেন বাঁহাতি ব্যাটার মুমিনুল হক। ৯১ রানে থাকা অবস্থায় ফিরেছেন লেগ বিফোরের ফাঁদে পড়ে।

দিনশেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হওয়ায় এত দিন আক্ষেপ হয়নি। তবে আজ একটু হয়েছে। তাও বউয়ের কারণে। কারণ, সেঞ্চুরি করতে পারি নাই বলে বউ হয়ত একটু গালি দিবে। এটাই আরকি।’

‘আসার পর দুই-তিন মিনিট একটু খারাপ লাগছিল আরকি। তবে সত্যি কথা বলতে আমার কাছে একশর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ নিয়মিত রান করা।’

মুমিনুল আরও বলেন, ‘আমার ওই রকমের রানের তাড়াও ছিল না। লক্ষ্য ছিল আর এক ঘণ্টা আছে, ওই এক ঘণ্টা স্বাভাবিক ক্রিকেট খেললে…। আর সে (নোমান) ভালো বল করছিল। যেভাবে খেলতে চেয়েছিলাম ওইভাবে খেলতে পারিনি, বলটা হঠাৎ করে নিচু হয়ে গেছে।’

মিরপুর টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ৩০১ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির দেখা পেয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১০১ রান করে আউট হয়েছেন তিনি। ৯১ রান করেন মুমিনুল হক। আর ৪৮ রানে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। এদিকে পাকিস্তানের হয়ে একটি করে উইকেট পেয়েছেন চারজন বোলার।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন