ফুটবল বিশ্বকাপের ইতিহাসে শাকিরার নাম মিশে আছে ওতপ্রোতভাবে। ২০১০ বিশ্বকাপের অফিশিয়াল গান ‘ওয়াকা ওয়াকা’ যে আলোড়ন সৃষ্টি করেছিলেন তিনি। যেই গানের জনপ্রিয়তা এখনও কমেনি। সেই স্মৃতি ফিরিয়ে আনতে আসন্ন ২০২৬ বিশ্বকাপে নতুন গান নিয়ে আসছেন এই কলম্বিয়ান তারকা। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডাই ডাই’ শিরোনামের নতুন একটি বিশ্বকাপ কেন্দ্রিক গানের ঘোষণা দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাওয়া এবারের বিশ্বকাপের অফিসিয়াল থিম হিসেবে ‘ডাই ডাই’ গানটি প্রকাশ পাচ্ছে। এই গানে শাকিরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাইজেরিয়ান গায়ক বার্না বয়। গানটি মূলত আফ্রিকান, লাতিন ও আরবান রিদমের এক অপূর্ব সংমিশ্রণে তৈরি করা হয়েছে। আগামী ১৪ মে গানটি আনুষ্ঠানিকভাবে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম থেকে এক মিনিটের একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন শাকিরা। সেখানে তাকে ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল ম্যাচ বল ‘ট্রিওন্ডা’ হাতে দেখা যায়। গানটির ভিডিওতে ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপ, ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ এবং ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের অফিশিয়াল বলগুলোকেও রাখা হয়েছে। ভিডিওটিতে শাকিরার সঙ্গে দেখা যায় বিভিন্ন দেশের জাতীয় দলের জার্সির রঙে সাজানো নৃত্যশিল্পীদের। ফিফার অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকেও শাকিরার ভিডিওটি শেয়ার করে বার্তা দেওয়া হয়েছে।
আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ৪৮ দলের এই মহাযজ্ঞে শাকিরার দেশ কলম্বিয়াও অংশ নিচ্ছে।
খুলনা গেজেট/এএজে

