শুক্রবার । ১লা মে, ২০২৬ । ১৮ই বৈশাখ, ১৪৩৩

বিশ্বকাপ এখন অতীত, কিউইদের টি-টোয়েন্টি সিরিজে হারাতে আশাবাদী শামীম

ক্রীড়া প্রতিবেদক

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ দল। আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানের বাদ পড়া, নিরাপত্তা ঝুঁকি নিয়ে শক্ত অবস্থান– সবমিলিয়ে এ নিয়ে কম জলঘোলা হয়নি। সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ শেষে কয়েক মাস পেরিয়েছে, তবে এখনও আলোচনায় মেগা ইভেন্টটিতে টাইগারদের না খেলার প্রসঙ্গ। বিষয়টিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে এখন আর ভাবতে চান না বলে মন্তব্য করেছেন শামীম পাটোয়ারী।

আগামীকাল (শনিবার) নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নামছে বাংলাদেশ। তার আগেও আলোচনায় বিশ্বকাপ না খেলার ইস্যু। যা নিয়ে সংবাদ সম্মেলনে শামীম বলেন, ‘আমরা গত অনেক টি-টোয়েন্টি সিরিজ জিততে পেরেছি। আমাদের দলের মধ্যে একটা ভালো বন্ডিং হয়েছে। দুর্ভাগ্যক্রমে আমরা বিশ্বকাপটা মিস করে ফেলেছি, এটা তো কিছু করার নেই। তাও আমরা অনেক ভালোভাবে প্রস্তুত ছিলাম।’

চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জেতায় সেই আক্ষেপ কিছুটা দূর হয়েছে শামীমের, ‘বিশ্বকাপের ওইটা চলে গেছে (প্রসঙ্গ শেষ)। ওটা নিয়ে আসলে চিন্তা করার কিছু নেই। আমাদের ইতিবাচক দিক হচ্ছে আমরা ভালো করতে পেরেছি, আমাদের ইন্টেন্টটা ধরে রাখতে পেরেছি। এটা আমরা পরের ম্যাচেও ধরে রাখতে চাই।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী বাঁ-হাতি এই ব্যাটার, ‘আমাদের ভালো একটা সুযোগ আছে সিরিজ জেতার। অবশ্যই আমরা চাইব জেতার জন্য খেলতে।’

এ ছাড়া ঘরোয়া লিগ ডিপিএল দিয়ে ওয়ানডেতেও ফেরার লক্ষ্য শামীমের, ‘আমার মাথার ভেতরেই থাকে আমি ওরকম-এরকম খেলব। আমি একটু (আক্রমণাত্মক) খেলব। টি-টোয়েন্টিতে আমি এটাই ভাবি সবসময়। সামনে যেহেতু ডিপিএল আছে এটা আমার জন্য (ওয়ানডেতে ফেরার) সেরা অপশন। এটা দিয়ে আমার কামব্যাক করাটা সবচেয়ে বেশি সহজ হবে আমি মনে করি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন