ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ব্যাটারদের দুর্দান্ত নৈপুণ্যে গতকাল (সোমবার) তারা কিউইদের ৬ উইকেটে হারিয়েছে। চট্টগ্রামে কিউইদের দেওয়া ১৮৩ রানের বিপরীতে ২ ওভার হাতে রেখে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল লিটন দাসের দল।
স্বাগতিকদের জয় নিশ্চিতের পথে ২৭ বলে ৫১ রানে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। অন্যদিকে ১৩ বলে ৩১ রানের টর্নেডো ইনিংস খেলে অপরাজিত ছিলেন শামীম হোসেন পাটোয়ারী। ম্যাচ শেষে শামীম-হৃদয়দের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন কিউই ক্রিকেটার ড্যান ক্লিভার। তাদের থেকে অনেক কিছু শিখতে চান বলেও মন্তব্য করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ড্যান ক্লিভার বলেছেন, ‘তারা (আমাদের বোলাররা) শুরুটা ভালোই করেছিল। বাংলাদেশকে চাপে রেখেছিল, ভালো ছিল লাইন-লেন্থ। তবে যেভাবে বাংলাদেশ চাপের মধ্যেও ভালো খেলল, উইকেটও অত বেশি হারায়নি। রানরেট আমাদের পক্ষে থাকলেও তারা আমাদের থেকে ম্যাচটা বের করে নিয়েছে। শেষ দিকের ব্যাটাররা নিজেদের ক্লাস দেখিয়ে দিলো এবং আমরা তাদের আটকাতে পারিনি।’
নির্দিষ্ট করে শামীম-হৃদয়ের ব্যাটিংয়ে মুগ্ধ ক্লিভার, ‘শেষ দিকের দুই ব্যাটার (হৃদয় এবং শামীম) নিজেদের ক্লাস দেখিয়েছে। মাঠের ৩৬০ ডিগ্রিজুড়ে খেলতে পারা, বলের পেস কাজে লাগিয়ে ছক্কা মারা, দারুণ কোয়ালিটি ব্যাটিং ছিল। বোলাররা আশা করি অনেক কিছু শিখবে এবং পরের ম্যাচে সেগুলো কাজে লাগিয়ে আজকের চেয়ে কিছুটা ভালো বোলিং করতে সক্ষম হবে।’
নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানতাড়ায় জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ। যা জানা ছিল না কিউই ক্রিকেটারের, ‘আমি আসলে এটা (রেকর্ডের ব্যাপার) আগে জানতাম না। জেনে ভালো লাগল। পিচ অনেক ভালো ছিল। সঙ্গে বাতাসও ছিল। ব্যাটাররা দারুণ স্মার্ট ছিল। বাতাসটাকে কাজে লাগিয়ে পেছনের দিকে শট খেলেছে। দারুণ কিছু শট খেলেছে যা অবিশ্বাস্য ছিল। সোজা ব্যাটেও দারুণ কিছু শট খেলেছে তারা। তখন আমার মনে হয়েছে আমরা নিজেদের ব্যাটিংয়ে আরও স্মার্ট হতে পারতাম। যেভাবে তারা রানের গতি বাড়াল, দারুণ ছিল। তাদের ব্যাটিং দেখতে ভালো লাগলেও প্রতিপক্ষের এমন ব্যাটিং দেখাটা আসলে কঠিনই।’
ম্যাচ হারলেও বাংলাদেশের সঙ্গে খুব একটা পার্থক্য খুঁজে পাননি ক্লিভার। শেষদিকের ব্যাটিং থেকে পাওয়া শিক্ষা পরের ম্যাচে কাজে লাগাতে চায় তার দল, ‘আমরা এখানে অনেক কিছুই ভালো করেছি। খুব বেশি পিছিয়ে আছি এমন নয়। শেষ দিকে তারা যেভাবে ব্যাট করেছে সেখান থেকে আমরা অনেক শিক্ষা নিতে পারি। তবে আমরা অনেক বেশি পিছিয়ে নেই। তারা দারুণ আন্তর্জাতিক ব্যাটিং দল। মাঝের ওভারে এবং ডেথে তারা যেভাবে ব্যাট করল সেখান থেকে অনেক কিছু শেখার আছে আমরা। সেসব শিখে কাজে লাগিয়ে পরের ম্যাচে আমরা মাঠে ফিরতে চাই।’
খুলনা গেজেট/এনএম

