ঠিক ১১ বছর আগের এক বসন্তে মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছিল এক তরুণ বাঁহাতি পেসারের রোমাঞ্চকর যাত্রা। বিষাক্ত কাটারে বিশ্বসেরা ব্যাটারদের বোকা বানিয়ে যিনি জয় করেছিলেন ক্রিকেট বিশ্বের মন। তিনি মুস্তাফিজুর রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের প্রায় এক যুগ পূর্ণ করে আবেগঘন এক বার্তায় ভক্তদের দোয়া চাইলেন এই ‘কাটার মাস্টার’।
২০১৫ সালের এই দিনেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল সাতক্ষীরার এই পেসারের। এরপর একে একে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট অভিষেক ঘটিয়ে তিন সংস্করণেই নিজের জাত চেনান তিনি। ভারতের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে টানা ৫ ও ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ডের পাতায় নাম লিখেছিলেন তিনি।
এরপর লাল-সবুজের জার্সিতে নিজেকে অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেন মুস্তাফিজ। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৫ টেস্ট, ১২০ ওয়ানডের পাশাপাশি ১২৬ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। বল হাতে নিয়েছেন যথাক্রমে ৩১, ১৮৭ এবং ১৫৮ উইকেট। বেশ কিছু রেকর্ড আছে তার নামের পাশে। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পথে সবশেষ ওয়ানডেতে ৪৩ রানে ৫ উইকেট নেন ফিজ।
এ নিয়ে এই সংস্করণে বাঁহাতি পেসারদের মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছয়বার ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন তিনি। এই রেকর্ডে মুস্তাফিজের সঙ্গে আছেন ওয়াসিম আকরাম এবং ট্রেন্ট বোল্ট। টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট দেওয়ার রেকর্ড কাটার মাস্টারের দখলে।
আন্তর্জাতিক ক্রিকেট দারুণ বোলিংয়ের সুবাদে বিশ্বের নামীদামি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে নিয়মিত খেলে বেড়ান মোস্তাফিজ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও, পাকিস্তান সুপার লিগ (পিএসএল), আইএল টি-টোয়েন্টি, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল), ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা আছে তাঁর।
আন্তর্জাতিক ক্রিকেট ১১ বছর পূর্তি উপলক্ষে ভেরিফাইড ফেসবুক পেজে নিজের ছবি পোস্ট করেছেন মুস্তাফিজ। ক্যাপশনে তারকা পেসার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! গর্বের সঙ্গে এই জার্সি পরে ১১ বছরের পথচলা। এটা ছিল ত্যাগ, আত্মোন্নয়ন আর অসংখ্য স্মরণীয় মুহূর্তে ভরা এক যাত্রা। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন আমি দেশের জন্য সর্বোচ্চটা দিতে পারি এবং আপনাদের সব প্রত্যাশা পূরণ করতে সক্ষম হই।’
পরিশ্রম আর ত্যাগের বিনিময়ে পাওয়া এই দীর্ঘ ক্যারিয়ারকে সামনে আরও সমৃদ্ধ করতে চান মুস্তাফিজ। আসন্ন বড় ইভেন্টগুলোতে দেশের হয়ে আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছেন লাল-সবুজের এই পেস সম্রাট।

