বৃহস্পতিবার । ২৩শে এপ্রিল, ২০২৬ । ১০ই বৈশাখ, ১৪৩৩

শান্ত-লিটনের ব্যাটে একশ ছাড়িয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

শুরুতেই টপ অর্ডারের তিন ব্যাটারের বিদায়ের পর চরম বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। সেই কঠিন পরিস্থিতি দারুণভাবে সামাল দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তাদের জুটিতে শুরুর ধাক্কা সামলে দলীয় শতরান পূর্ণ করেছে স্বাগতিকরা।

২৪.৪ ওভারে দারুণ এক বাউন্ডারি হাঁকিয়ে দলের স্কোর একশ পার করেন শান্ত। ঠিক এর পরের ওভারেই ৭০ বলে নিজের ব্যক্তিগত হাফ সেঞ্চুরিও তুলে নেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ১২তম এবং চলতি সিরিজে টানা দ্বিতীয় ফিফটি। ২৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ১০৭ রান। ৫১ রানে শান্ত এবং ৩২ রানে অপরাজিত থেকে ক্রিজে আছেন লিটন দাস।

দুই চারে আশা জাগিয়েও টিকলেন না সৌম্য

চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে নিউজিল্যান্ডের পেসারদের তোপে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। সাইফ হাসান ও তানজিদ হাসান তামিমের পর এবার সাজঘরে ফিরে গেছেন সৌম্য সরকার। দুটি দারুণ বাউন্ডারিতে বড় ইনিংসের আশা জাগিয়েছিলেন সৌম্য। কিন্তু উইলিয়াম ও’রোকের ডেলিভারিতে ক্রস ব্যাটে খেলতে গিয়ে বল সরাসরি নিজের স্টাম্পে টেনে আনেন সৌম্য। শেষ পর্যন্ত ২৬ বলে ১৮ রান করেই ফিরতে হলো তাকে। সৌম্যর বিদায়ে মাত্র ৩২ রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিকরা। এটি ম্যাচে পেসার ও’রোকের তৃতীয় শিকার। ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী লিটন দাস। প্রথম ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৩৬ রান।

টিকলেন না তানজিদও

আগের ম্যাচে দারুণ এক ফিফটি হাঁকানো তানজিদ এদিন ক্রিজে থিতু হতে পারেননি। মাত্র ৫ বল খেলে ১ রান করেই ফিরে গেছেন বাঁহাতি এই ওপেনার। এতে মাত্র ১৪ বলের ব্যবধানে দুই ওপেনারকে হারিয়ে রীতিমতো ধুঁকছে বাংলাদেশ। শুরুর এই জোড়া ধাক্কা সামাল দিতে এখন ক্রিজে লড়াই করছেন সৌম্য সরকার এবং নাজমুল হোসেন শান্ত। ৩ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ৯ রান।

রানের খাতা খোলার আগেই সাজঘরে সাইফ

সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে গেছেন ওপেনার সাইফ হাসান। এতে শুরুতেই ভেঙেছে স্বাগতিকদের উদ্বোধনী জুটি। চলতি সিরিজে প্রথম ম্যাচের পর আর হাসেনি সাইফের ব্যাট। প্রথম ওয়ানডেতে ৫৭ রানের ইনিংসের পর দ্বিতীয় ম্যাচে করেছিলেন মাত্র ৮ রান। আর আজ সিরিজ নির্ধারণী ম্যাচে ফিরলেন শূন্য হাতে। তার দ্রুত বিদায়ের পর তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেছেন সৌম্য সরকার। ১ ওভার শেষে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫ রান।

এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের জায়গায় চলতি সিরিজে প্রথমবারের মতো একাদশে সুযোগ পেয়েছেন মুস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।

এদিকে প্রথম দুই ওয়ানডেতে একই দল নিয়ে খেলা নিউজিল‍্যান্ড একটি পরিবর্তন এনেছে। ব্লেয়ার টিকনারের জায়গায় দলে ফিরেছেন বেন লিস্টার। ৩০ বছর বয়সী বাঁহাতি পেসার দেশের হয়ে এখন পর্যন্ত খেলেছেন তিনটি ওয়ানডে।

বাংলাদেশ একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ড একাদশ: টম ল্যাথাম (অধিনায়ক), মুহাম্মাদ আব্বাস, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রোক, ন্যাথান স্মিথ, বেন লিস্টার, উইল ইয়াং।

 

খুলনা গেজেট/এনএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন