শুক্রবার । ২৬শে জুন, ২০২৬ । ১২ই আষাঢ়, ১৪৩৩

১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

দীর্ঘ ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সবশেষ ২০১১ সালে এসে খেলেছিল অজিরা। মাইকেল ক্লার্কের দল ৩-০ ব্যবধানে সাকিব আল হাসানের দলকে হারিয়ে গিয়েছিল। শুক্রবার (১৭ এপ্রিল) বিজ্ঞপ্তিতে সফরের চূড়ান্ত সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

আগামী জুনের সফরে তিনটি ওয়ানডের পাশাপাশি তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজও খেলবে তারা। ২০২১ সালে অজিদের বিপক্ষে ঘরের মাটিতে সবশেষ টি-টুয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ। ৪-১ ব্যবধানে জিতেছিল টিম টাইগার্স।

চলতি বছরের শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জানানো সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। বিসিবির সূচি অনুযায়ী ৫ জুন প্রথম ওয়ানডে হওয়ার কথা ছিল। ক্রিকেট অস্ট্রেলিয়ার সূচিতে বলা হয়েছে, ৯ জুন শুরু হবে খেলা। পরের দুটি ম্যাচ ১১ ও ১৪ জুন। সব ম্যাচ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

টি-টুয়েন্টি সিরিজের সব ম্যাচ হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। ১৭ জুন সংক্ষিপ্ত সংস্করণের সিরিজ গড়াবে। বাকি দুটি ম্যাচ ১৯ ও ২১ জুন।

বাংলাদেশ দলও এবছরের আগস্টে দুটি টেস্ট ম্যাচ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে। ২০০৩ সালের পর এটিই হবে অজি মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সিরিজ।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন