ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের প্রায় প্রতি আসরেই মহেন্দ্র সিং ধোনি অবসর নিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। সেই আলোচনা থামিয়ে পরের আসরেই ফের ব্যাট-প্যাড-গ্লাভস নিয়ে নেমে পড়েন সাবেক ভারতীয় অধিনায়ক। এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার লক্ষ্যে ‘ক্যাপ্টেন কুল’ প্রস্তুতি সারছিলেন। কিন্তু আইপিএল মাঠে গড়ানোর দিনই তাকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই।
আজ (শনিবার) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৯তম আসর শুরু হবে। যদিও যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই প্রথম ম্যাচ খেলবে আগামী সোমবার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে নামার আগে অন্তত দুই সপ্তাহের জন্য ধোনি ছিটকে পড়তে পারেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই মুহূর্তে তিনি মাংসপেশির (কাপ স্ট্রেইন) চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।
এক্সে দেওয়া এক পোস্টে চেন্নাই জানিয়েছে, ‘এমএস ধোনি বর্তমানে কাপ স্ট্রেইন ইনজুরির পুনর্বাসনের মধ্যে আছেন। ফলে তিনি ২০২৬ আইপিএলের প্রথম দুই সপ্তাহ মিস করতে পারেন। দ্রুত সেরে উঠুন, থালা (বড় ভাই)!’
খুলনা গেজেট/এনএম

