পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বেনাপোলের ঐতিহ্যবাহী ফুটবল মাঠে রবিবার (২২ মার্চ) দিনব্যাপী আকর্ষণীয় প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বেনাপোল ক্রীড়া সংস্থার (বিকেএস) উদ্যোগে শুক্রবার (২০ মার্চ) বিকেলে বেনাপোল বাজারস্থ হোটেল সানরুফে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে খেলার প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন বিকেএসের সভাপতি ও শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম। এ সময় সংস্থার সদস্য সচিব রায়হানুজ্জামান দিপুসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানানো হয়, ঈদের পরদিন আয়োজিত এই প্রীতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১২ জন তারকা খেলোয়াড় অংশ নেবেন। তারা বর্তমানে বসুন্ধরা কিংসসহ দেশের বিভিন্ন শীর্ষ ক্লাব ও সেনাবাহিনী দলে খেলছেন। উল্লেখযোগ্য যে, জাতীয় দলের মেহেদী ও রবিউলসহ অনেক কৃতি খেলোয়াড়ই বেনাপোলের সন্তান।
আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের সঙ্গে জাতীয় দলের অভিজ্ঞদের সমন্বয় তৈরি করা এবং যুবসমাজকে মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা।

