রবিবার । ২২শে মার্চ, ২০২৬ । ৮ই চৈত্র, ১৪৩২

বিসিবির গেম ডেভলেপমেন্টের দায়িত্ব নেবেন নান্নু!

ক্রীড়া প্রতিবেদক

বিসিবি সবশেষ নির্বাচনের পর গেম ডেভলেপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পান ইসতিয়াক সাদেক। তিনি বিসিবি থেকে পদত্যাগ করায় নতুন করে এই বিভাগে চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন আসিফ আকবর। আর গেম ডেভলেপমেন্ট কমিটির হেড অব অপারেশন্স হিসেবে রয়েছেন হাবিবুল বাশার সুমন। তিনি নতুন করে প্রধান নির্বাচকের দায়িত্ব নিতে যাওয়ায় বিসিবিতে আরও কিছু রদবদল হতে পারে।

সাবেক এই অধিনায়ক যে বিসিবির প্রধান নির্বাচক হচ্ছেন এখন কেবল তার আনুষ্ঠানিক ঘোষণা বাকি। সবকিছু ঠিক থাকলে দ্রুতই এই ঘোষণা আসবে। ফলে গেম ডেভলেপমেন্টের এই পদটি তখন শূন্য হয়ে যাবে। নতুন করে বিভাগটির দায়িত্ব কে নেবেন সেই গুঞ্জন রয়েছে। শোনা যাচ্ছে, মিনহাজুল আবেদিন নান্নুকে দেখা যেতে পারে এই পদে। নান্নু নিজেও অবশ্য বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে নিযুক্ত রয়েছেন।

নান্নু নিজেও কি চান গেম ডেভলেপমেন্ট বিভাগে কাজ করতে? এর আগে তিনি নির্বাচক হওয়ার জন্য আবেদন করতে পারেন বলেও শোনা গিয়েছিল। শেষ পর্যন্ত আর সেই পথে হাঁটেননি সাবেক এই নির্বাচক। নতুন গুঞ্জন নিয়ে জানতে যোগাযোগ করা হলে নান্নু বলেন, ‘বিসিবি থেকে এখনও কোনো কিছু জানতে পারিনি। যদি প্রস্তাব আসে অবশ্যই ভেবে দেখব। কারণ এখানে কাজ করার জায়গা রয়েছে। দেখি এ বিষয়ে হয়তো তাড়াতাড়ি জানতে পারব।’

এদিকে নান্নু-বাশার দুজনই ছিলেন বিসিবির নির্বাচক প্যানেলের সদস্য। ২০২৪ সালের শুরুতে তাদের দায়িত্ব থেকে সরিয়ে দেয় বিসিবি। তখন গাজী আশরাফ হোসেন লিপুকে প্রধান নির্বাচক করা হয়। তার সঙ্গে চুক্তির মেয়াদ এই মাসেই শেষ হচ্ছে। নির্বাচক প্যানেলের পর বাশারকে নারী বিভাগের দায়িত্ব দেওয়া হয়, পরে যোগ দেন গেম ডেভেলপমেন্ট বিভাগে। এবার প্রধান নির্বাচক হয়েই ফিরছেন খেলোয়াড় বাছাইয়ের প্যানেলে।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন