বুধবার । ১৮ই মার্চ, ২০২৬ । ৪ঠা চৈত্র, ১৪৩২

ম্যাককালামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ লিভিংস্টোনের

ক্রীড়া প্রতিবেদক

অ্যাশেজে লজ্জাজনক হার এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর চাপ বেড়েছে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাকালামের ওপর। সেই চাপ আরও বাড়িয়ে দিলেন লিয়াম লিভিংস্টোন। কোচ এবং ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কি এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি।

লিভিংস্টোন জানিয়েছেন, দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়। দেশের হয়ে সব ফরম্যাট মিলিয়ে ১০০টি ম্যাচ খেলেছেন লিভিংস্টোন। তবে প্রায় এক বছর ধরে কোনো ফরম্যাটের দলে জায়গা পান না তিনি। তার ক্রিকেট ভবিষৎ এখন শঙ্কায়।

২০২৫ সালে ভারত সফরে বাজে পারফরম্যান্স এবং হতাশাজনক চ্যাম্পিয়ন্স ট্রফির পর আর ইংল্যান্ডের হয়ে খেলতে পারেননি লিভিংস্টোন। তার পর থেকেই বোর্ডের সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার দাবি, এক ফোনেই তাকে বাদ দেওয়া হয়েছে।

লিভিংস্টোন বলেছেন, ‘আমার মনে হয় এক মিনিটেরও কম সময় ম্যাকালামের সঙ্গে কথা হয়েছিল। আমি জিজ্ঞাসা করেছিলাম, ‘কেন বাদ দেওয়া হচ্ছে?’ উনি বলেছিলেন, নতুন কাউকে খেলাতে চান। এটা তো বাজের (ম্যাকালাম) কথা বললাম। রাইটিও (সাবেক নির্বাচক লুক রাইট) কোনো কথা বলেনি। ব্রুকি (হ্যারি ব্রুক) মাত্র একটা বার্তা পাঠিয়েছিল।’

লিভিংস্টোনের সবচেয়ে বেশি ক্ষোভ রব কির ওপর, ‘রব বলেছিল, তোমার সঙ্গে কথা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ আছে আমার। এতেই দলের মনোভাব বুঝা যায়। বাদ পড়ার সময় রব কিছুই বলেনি। আমি একদিন তাকে ফোন করেছিলাম। সে বলেছিল ব্যস্ত। তার পর থেকে আমার সঙ্গে কোনো কথাই বলেনি।’

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন