বৃহস্পতিবার । ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ । ১৩ই ফাল্গুন, ১৪৩২

উইন্ডিজকে উড়িয়ে সেমিফাইনালের পথে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে প্রোটিয়াদের শেষ চারে ওঠার সমীকরণ এখন অনেক সহজ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতের ম্যাচে ভারত যদি জিম্বাবুয়ের কাছে হেরে যায়, তবে নিশ্চিত হয়ে যাবে দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল।

টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রোটিয়া বোলারদের তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ব্রেন্ডন কিং (২১), শাই হোপ (১৬), রভম্যান পাওয়েলদের (৯) আসা-যাওয়ার মিছিলে একপর্যায়ে ৮৩ রানের মধ্যেই ৭ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। পাওয়ারপ্লের ৬ ওভারেই ৪ উইকেট হারিয়ে তারা তোলে মাত্র ৫২ রান।

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে অষ্টম উইকেটে দুর্দান্ত এক জুটি গড়েন হোল্ডার ও শেফার্ড। এই দুজনের আগ্রাসী ব্যাটিংয়েই দিশা ফিরে পায় ক্যারিবীয় ইনিংস। শেষ ওভারে রানআউট হওয়ার আগে ৩১ বলে ৪৯ রানের দারুণ এক ইনিংস খেলেন হোল্ডার। অন্যদিকে ৩৭ বলে ৫২ রানের ঝড়ো ফিফটি হাঁকিয়ে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন শেফার্ড। দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন। এছাড়া কাগিসো রাবাদা ও করবিন বশ নেন ২টি করে উইকেট।

১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কুইন্টন ডি কক ও এইডেন মার্করামের ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচ একপেশে করে ফেলে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতেই বিনা উইকেটে ৬৯ রান তোলে তারা। ডি কক ২৪ বলে ৪৭ করে ফিরলেও অধিনায়ক মার্করামের অপরাজিত ৮২ এবং রায়ান রিকেলটনের ৪৫ রানের সুবাদে ২৩ বল হাতে রেখেই বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। মার্করামের ৪৬ বলের ইনিংসে ছিল বাউন্ডারির ফুলঝুড়ি।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন