চলছে ওয়ানডে ফরম্যাটের বাংলাদেশ ক্রিকেট লিগের খেলা। ইস্ট জোনের বিপক্ষে প্রথম দিনের খেলায় জিতেছে নর্থ জোন। আর দলটির হয়ে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন আকবর আলি। লিস্ট এ ক্যারিয়ারে প্রথমবারের মতো তুলে নেন সেঞ্চুরি। শেষে তার দলও জিতেছে বড় ব্যবধানে।
আকবরের ৮৭ বলে ৮ চার ও ৬ ছয়ে সাজানো ১১১ ইনিংসে ভর করে নর্থ জোন ৩৩৫ রানের বড় সংগ্রহ করে। তারপর রিশাদ হোসেনের ঘূর্ণিতে ২৮১ রানে অলআউট হয় ইস্ট জোন। তিনি চার উইকেট নিলেও সেঞ্চুরি করে বড় সংগ্রহের ভিত গড়ে দেওয়ার কারণে ম্যাচসেরা হয়েছেন আকবর।
দারুণ এক ইনিংস খেলার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আকবর বলেছেন, ‘প্রথম সবকিছুই ভালো লাগার। আমি যখন প্রিমিয়ার লিগে নামতাম, তখন ব্যাট করার জন্য ওভার কম পেতাম। যেমন ৮৯ রানের একটা ইনিংসেও ওভার শেষ হয়ে গিয়েছিল। কিছু সুযোগও নষ্ট করেছিলাম। এবার যখন ৭০ রান পার করি তখন টার্গেট ছিল আমার হাতে সময় আছে। আমার উচিত সুযোগ কাজে লাগানো।’
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজের দলে থাকার সম্ভাবনা নিয়ে আকবর বলেন, ‘এটায় তো আমার আসলে হাত নেই। আমার কাজ মাঠে ভালো খেলার চেষ্টা করা এবং সেটাই করে যাবো। নির্বাচকদের সাথে আমার কোনো কথা হয় নাই। আমি ম্যাচ শেষ করে প্রেজেন্টেশনে চলে এসেছি। আমার কারো সাথেই কোনো কথা হয়নি।’
খুলনা গেজেট/এনএম

