আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়ে রেখেছে পাকিস্তান। তবে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিলেন, পাকিস্তান বয়কট করলেও ম্যাচটি নিয়ে তাদের অবস্থান একেবারেই বদলাচ্ছে না, ভারত ক্রিকেট দল নির্ধারিত দিনে মাঠে যাবে।
আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার কলম্বোয় বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। তবে গত রবিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তান সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানিয়ে দেয়া হয়, ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না পাকিস্তান দল।
এই ঘোষণার পরই ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানিয়েছিলেন, আইসিসির প্রটোকল মেনে ভারতীয় দলের পক্ষ থেকে সব কিছুই করা হবে। এবার ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমারও বললেন একই কথা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মুম্বাইয়ে বিশ্বকাপের অধিনায়কদের নিয়ে‘ক্যাপ্টেনস ডে’তে সূর্যকুমার বলেন, ‘আমাদের মানসিকতা একদম পরিষ্কার। খেলব না তা আমরা বলিনি। এ সিদ্ধান্ত এসেছে অন্য দিক থেকে। আইসিসি অফিশিয়াল সূচি প্রকাশ করেছে। বিসিসিআই এবং ভারত সরকার আইসিসির সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ ভেন্যু ঠিক করেছে। আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে। তাই আমরা নিশ্চিতভাবেই সেখানে যাচ্ছি।’
ভারত ও পাকিস্তানের মধ্যকার চলমান ইস্যুর শুরুটা হয় বাংলাদেশকে কেন্দ্র করেই। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয়ার পর বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলতে রাজি হয়নি। এরপর আইসিসি বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিলে পাকিস্তান সরকার বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দেয়।
বুধবার (৪ ফেব্রুয়ারি) ইসলামাবাদে মন্ত্রিসভার সদস্যদের দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, ‘টি–টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমরা খুব পরিষ্কার অবস্থান নিয়েছি— আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলব না। কারণ, খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয়।’
এদিকে, পাকিস্তান অধিনায়ক সালমান আগা শ্রীলঙ্কায় সাংবাদিকদের বলেছেন, ‘ভারত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সরকারের সিদ্ধান্ত, আর আমরা সেটাকে সম্মান করি। তারা যা বলবে, আমরা সেটাই করব। এ ছাড়া আমাদের আরও তিনটি ম্যাচ আছে, সেগুলো নিয়ে আমরা রোমাঞ্চিত।’
যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সরকারের সিদ্ধান্ত নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানায়নি। পাকিস্তান ম্যাচ বর্জন করলে ভারতকে ওয়াকওভার দেওয়া হবে এবং তারা ২ পয়েন্ট পাবে।
ওয়াকওভার পেতে ভারতীয় অধিনায়ককে টসের জন্য আর প্রেমাদাসা স্টেডিয়ামে উপস্থিত থাকতে হবে। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসের সময় না থাকলে তখন আনুষ্ঠানিকভাবে ভারতকে জয়ী ঘোষণা করবেন ম্যাচ রেফারি।
আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোনো দলকে ওয়াকওভার তখনই দেওয়া হয়, যখন প্রতিপক্ষ অধিনায়ক টসের সময় উপস্থিত না থাকেন।
খুলনা গেজেট/এএজে



