রবিবার । ১লা ফেব্রুয়ারি, ২০২৬ । ১৮ই মাঘ, ১৪৩২

এবারো হাত মেলায়নি ভারত-পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক

গত বছরের এশিয়া কাপ থেকে চলা বিতর্কের অবসান হলো না অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও। ভারত ও পাকিস্তান টসের সময় এবারো হাত মেলায়নি। রবিবার (১ ফেব্রুয়ারি) সুপার সিক্সের গ্রুপ ২ ম্যাচে সৌজ্যনতা রক্ষা করেননি দুই দলের অধিনায়ক।

ক্রিকেটে টসের পর হাত মেলানোর রীতি থাকলেও ভারতের অধিনায়ক আয়ুশ মাত্রে ও পাকিস্তান অধিনায়ক ফারহান ইউসুফ তা এড়িয়ে যান।

উল্লেখ্য, গত বছর এশিয়া কাপে ভারত ও পাকিস্তান তিনবার মুখোমুখি হলেও একবারও হাত মেলাননি দুই অধিনায়ক সূর্যকুমার যাদব ও সালমান আগা। দুই দেশের রাজনৈতিক বিরোধের জেরে একই ধারা চলেছে এশিয়া কাপ রাইজিং স্টার্স ম্যাচেও। মেয়েদের বিশ্বকাপেও দুই দেশের অধিনায়ক হাত মেলাননি। এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও একই ঘটনা ঘটল।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনাল এরই মধ্যে নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং আফগানিস্তান। চতুর্থ দল চূড়ান্ত হবে আজ ভারত-পাকিস্তান ম্যাচের পর। দু’দলের কাছেই এই ম্যাচ এক রকম কোয়ার্টার ফাইনাল।

হাই-ভোল্টেজ ম্যাচে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে পাকিস্তান যুবারা। জিম্বাবুয়ের বুলাওয়েতে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।

পাকিস্তানের বিপক্ষে জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছাবে ভারত। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে আফগানিস্তান। পাকিস্তান জিতলে দু’দলের পয়েন্ট হবে সমান। সে ক্ষেত্রে বিবেচ্য হবে নেট রান রেট।

সুপার সিক্সের গ্রুপ টু-এ ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে চলে গিয়েছে ইংল্যান্ড। শেষ ম্যাচের আগে ৩ ম্যাচে ভারতের পয়েন্ট ৬। সমসংখ্যক পাকিস্তানের পয়েন্ট ৪। ভারতের নেট রান রেট ৩.৩৩৭। পাকিস্তানের ১.৪৮৪। তাই পাকিস্তানকে শুধু জিতলেই হবে না। বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন